দক্ষিণ পূর্ব

বান্দরবানের মদকে ডায়রিয়া আক্রান্তদের চিকিৎসা দিলেন বিজিবি

saiful
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৪:২০ সকাল
পঠিত : ২১
বান্দরবানের মদকে ডায়রিয়া আক্রান্তদের চিকিৎসা দিলেন বিজিবি


বান্দরবানের থানচি উপজেলার সীমান্তবর্তী দুর্গম মদক এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে একজনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের চিকিৎসাসেবা দিতে ঘটনাস্থলে মেডিকেল টিম পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিনামূল্যে চিকিৎসা, ওষুধ, স্বাস্থ্য পরামর্শ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, গত ১৯ সেপ্টেম্বর সকালে মদক বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মদক ভিতরপাড়া গ্রামের থুই মা চিং মার্মা (৪২) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। একই এলাকায় আরও ১০ থেকে ১৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার খবর পায় বিজিবি।

খবর পেয়ে মদক বিওপির ব্যবস্থাপনায় একজন মেডিকেল সহকারী প্রয়োজনীয় ওষুধ নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তিনি আক্রান্তদের চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন। পরে দুর্গম এলাকার আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করতে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে সমন্বয় করে একটি মেডিকেল টিম ঘটনাস্থলে গিয়ে চিকিৎসাসেবা দেয়।

ডায়রিয়ার প্রকোপ অব্যাহত থাকায় ২০ সেপ্টেম্বর আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর মেডিকেল অফিসারের নেতৃত্বে পুনরায় চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় আক্রান্ত ও অসহায় স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মধ্যে প্রয়োজনীয় ওষুধ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি তাদের স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া হয়।

বিজিবি জানায়, দুর্গম এই এলাকায় বিশুদ্ধ পানির অভাবের পাশাপাশি ডায়রিয়ায় আক্রান্তদের জন্য প্রয়োজনীয় ওষুধ ও খাবার স্যালাইনের সংকট রয়েছে।

চিকিৎসা ও মানবিক সহায়তা কার্যক্রমে স্থানীয় পাড়া কারবারী, হেডম্যান, গণ্যমান্য ব্যক্তি ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম সীমান্তবর্তী পার্বত্য এলাকার মানুষের স্বাস্থ্য ও জনকল্যাণে ৫৭ বিজিবির মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। বিশেষ করে ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে থেকে চিকিৎসাসেবা ও মানবিক সহায়তা দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।

এসআই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।