আলমগীর মানিক, রাঙামাটি
পাহাড় মানেই বৈচিত্র্য। পাহাড় মানেই নৈসর্গিক সৌন্দর্য, বহুজাতিক সংস্কৃতি, ভিন্ন ভাষা ও জীবনধারা। বাংলাদেশের মানচিত্রের প্রায় এক-দশমাংশজুড়ে বিস্তৃত পার্বত্য চট্টগ্রামের তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও সম্পদের কারণে এ অঞ্চল দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও বিশেষ আকর্ষণের কেন্দ্র।
তবে পাহাড়ের এই সৌন্দর্যের আড়ালে দীর্ঘদিন ধরে জমে আছে সংঘাত, অবিশ্বাস, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও ভ্রাতৃঘাতী রক্তপাতের ইতিহাস। প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিক সম্ভাবনাকে ঘিরে বিভিন্ন পক্ষের স্বার্থের দ্বন্দ্ব, সশস্ত্র তৎপরতা এবং আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় সাধারণ মানুষের জীবন বারবার বিপর্যস্ত হয়েছে। সীমান্ত নিরাপত্তা থেকে আইনশৃঙ্খলা রক্ষা—বিভিন্ন বাস্তবতায় নিরাপত্তা বাহিনীকেও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।
দশকের পর দশক ধরে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে। সরকারের নানা কর্মসূচি, রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতি, প্রশাসনিক উদ্যোগ ও নিরাপত্তা কৌশল নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এত উদ্যোগের পরও পাহাড়ের সাধারণ মানুষ কেন নিরাপদ, বৈষম্যহীন ও স্বাভাবিক সহাবস্থানের নিশ্চয়তা পাচ্ছেন না?
পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় রাজনৈতিক ও প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি প্রয়োজন শক্তিশালী সামাজিক ভিত্তি। এমন একটি পরিবেশ, যেখানে জাতিগত পরিচয়ের আগে মানুষের পরিচয় হবে মানুষ হিসেবে। আর সেই জায়গায় খেলাধুলা ও সংস্কৃতির চেয়ে কার্যকর সেতুবন্ধন খুব কমই আছে।
একজন খেলোয়াড় মাঠে নামলে তাঁর কাছে প্রতিপক্ষের জাতিগত পরিচয় মুখ্য হওয়ার কথা নয়। তাঁর লক্ষ্য থাকে নিজের দক্ষতা, দল ও দেশের প্রতিনিধিত্ব করা। একজন সংস্কৃতিকর্মী নিজের জাতিগোষ্ঠীর ঐতিহ্য ও সংস্কৃতি দেশের সীমানা পেরিয়ে তুলে ধরলে তিনি শুধু নিজের সম্প্রদায়ের নয়, বাংলাদেশের বৈচিত্র্যেরও প্রতিনিধিত্ব করেন।
পাহাড়ের প্রতিটি জাতিগোষ্ঠীর রয়েছে নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনবোধ। এসব বৈচিত্র্যকে বিভাজনের উপাদান না বানিয়ে জাতীয় সম্পদে পরিণত করা গেলে পাহাড় হতে পারত অসাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। কিন্তু এই সম্ভাবনাকে কাজে লাগানোর ক্ষেত্রে দীর্ঘদিন ধরে উদাসীনতা ও অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে।
অতীতের ক্ষমতাসীন রাজনৈতিক নেতৃত্ব ও সংশ্লিষ্ট প্রশাসনের একটি অংশের বিরুদ্ধে উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পরিবর্তে দলীয় প্রভাব, প্রকল্পকেন্দ্রিক স্বার্থ ও ব্যক্তিগত সুবিধাকে গুরুত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। এর নেতিবাচক প্রভাব স্থানীয় ক্রীড়াঙ্গনেও পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বর্তমান সরকারের খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশের উদ্যোগ ‘নতুন কুঁড়ি’ পাহাড়ের শিশু-কিশোরদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান শিশুদের খুঁজে বের করে প্রশিক্ষণ, পরিচর্যা এবং জাতীয় পর্যায়ে নিজেদের মেলে ধরার সুযোগ তৈরি করাই হওয়া উচিত এ উদ্যোগের মূল লক্ষ্য।
কিন্তু রাঙামাটিতে এ কার্যক্রমের বাস্তবায়ন নিয়ে ইতোমধ্যে নানা প্রশ্ন ও অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত কিছু শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তি শিক্ষার্থীদের নতুন কুঁড়ি কার্যক্রমে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছেন না। কোথাও কোথাও শিক্ষার্থীদের নিরুৎসাহিত করার অভিযোগও রয়েছে। বিগত সরকারের আমলে দায়িত্বে থাকা ব্যক্তিদের একাংশের নিষ্ক্রিয়তা এবং নতুন করে দায়িত্ব পাওয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের উদাসীনতার কারণে কার্যক্রমটি প্রত্যাশিত গতি পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
অন্যদিকে, রাঙামাটির ফুটবল অঙ্গনে অনূর্ধ্ব-১৫ পর্যায়ের খেলোয়াড় বাছাই নিয়েও গুরুতর অভিযোগ সামনে এসেছে। খেলোয়াড়দের অভিযোগ, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের দায়িত্বশীল পর্যায়ের একজন নেতার নেতৃত্বাধীন ক্লাব এবং তাঁর নিজ সম্প্রদায়ের খেলোয়াড়দের প্রাধান্য দেওয়া হচ্ছে। শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা প্রতিভাবান শিশু-কিশোরদের যথাযথভাবে মূল্যায়ন করা হচ্ছে না।
এ ছাড়া খেলোয়াড় বাছাইয়ে যোগ্যতা ও পারফরম্যান্সের পরিবর্তে ব্যক্তিগত পরিচয়, গোষ্ঠীগত প্রভাব ও স্বজনপ্রীতি গুরুত্ব পাচ্ছে বলেও বঞ্চিতদের অভিযোগ।
এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে হবে। আর অভিযোগ অসত্য হলে স্বচ্ছ প্রক্রিয়ায় প্রকৃত তথ্য প্রকাশ করে বিভ্রান্তি দূর করা জরুরি। কারণ, ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক।
এখানেই বিষয়টি শুধু খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ থাকছে না। এটি হয়ে উঠছে সামাজিক নিরাপত্তা, কিশোর-তরুণদের ভবিষ্যৎ এবং পাহাড়ে সম্প্রীতি প্রতিষ্ঠার প্রশ্ন।
পার্বত্য অঞ্চলে মাদকের বিস্তার নিয়ে বিভিন্ন এলাকায় উদ্বেগ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদকবিরোধী অভিযান চালাচ্ছে, মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। কিন্তু শুধু অভিযান চালিয়ে একটি প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সুস্থ বিনোদন, খেলাধুলার সুযোগ, সাংস্কৃতিক চর্চা এবং প্রতিভা বিকাশের পরিবেশ।
যে কিশোরটির হাতে ফুটবল থাকার কথা, সে যদি বৈষম্য ও অবহেলার কারণে মাঠে জায়গা না পায়, যে শিশুটির সাংস্কৃতিক প্রতিভা বিকশিত হওয়ার কথা, সে যদি সুযোগের অভাবে হারিয়ে যায়—তাহলে তার দায় কে নেবে?
একটি শিশুকে মাঠ থেকে দূরে ঠেলে দেওয়ার অর্থ শুধু একজন সম্ভাবনাময় খেলোয়াড়কে হারানো নয়; বরং তাকে সুস্থ সামাজিক পরিবেশ থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে ফেলা।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, পাহাড়ের যে জায়গাটি জাতিগত বিভাজন ভুলে সবাইকে এক কাতারে দাঁড় করাতে পারত, সেই ক্রীড়াঙ্গনেই যদি জাতিগত পরিচয়, সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক আনুগত্য ও ব্যক্তিগত বলয়ের প্রভাব বিস্তারের অভিযোগ ওঠে, তাহলে সম্প্রীতির বার্তা যাবে কোথায়?
খেলোয়াড় বাছাইয়ে যোগ্যতার চেয়ে পরিচয় বড় হয়ে উঠলে প্রতিভাবান শিশুরা একসময় খেলাধুলা থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। এই হতাশা শুধু একজন খেলোয়াড়ের ব্যক্তিগত ক্ষতি নয়; এটি পুরো সমাজের ক্ষতি।
পাহাড়ের ক্রীড়াঙ্গন কোনো একটি জাতিগোষ্ঠী, রাজনৈতিক দল কিংবা ব্যক্তিবিশেষের সম্পত্তি নয়। এটি পাহাড়ের সব মানুষের। এখানে বাঙালি, চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, পাংখোয়া, লুসাইসহ সব জাতিগোষ্ঠীর প্রতিভাবান শিশু-কিশোরের সমান অধিকার থাকা প্রয়োজন। কারও পরিচয় নয়, মূল্যায়নের মানদণ্ড হওয়া উচিত যোগ্যতা, দক্ষতা ও পারফরম্যান্স।
রাঙামাটির ক্রীড়াঙ্গনকে বিতর্কমুক্ত করতে হলে প্রথমেই নতুন কুঁড়ি কার্যক্রমের বাস্তবায়ন প্রক্রিয়া পর্যালোচনা করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কার্যক্রম কতটুকু বাস্তবায়িত হচ্ছে, কোথায় বাধা রয়েছে এবং কারা দায়িত্ব পালন করছেন না—তা খতিয়ে দেখা জরুরি।
অনূর্ধ্ব-১৫ ফুটবলসহ সব পর্যায়ের খেলোয়াড় বাছাইয়ে স্বচ্ছ নীতিমালা, উন্মুক্ত ট্রায়াল, নিরপেক্ষ নির্বাচকমণ্ডলী এবং প্রকাশ্য মূল্যায়নপ্রক্রিয়া নিশ্চিত করতে হবে। শহর ও প্রত্যন্ত এলাকার প্রতিভাবান শিশুদের অংশগ্রহণের সুযোগ দিতে হবে। জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট প্রশাসনকে জবাবদিহির আওতায় আনতে হবে।
একই সঙ্গে পাহাড়ের প্রতিটি জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী খেলাধুলা, সংস্কৃতি ও প্রতিভাকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে হবে। ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচিকে রাজনৈতিক দল, গোষ্ঠী কিংবা ব্যক্তির প্রভাবমুক্ত রাখা জরুরি।
সবচেয়ে বড় কথা, পাহাড়ের নেতৃত্বকে বুঝতে হবে, শুধু উন্নয়ন প্রকল্প, টেন্ডার, বরাদ্দ ও অবকাঠামো নির্মাণ দিয়ে একটি প্রজন্মের ভবিষ্যৎ তৈরি হয় না। তাদের জন্য প্রয়োজন শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, সুস্থ বিনোদন এবং বৈষম্যহীন সুযোগ।
দশকের পর দশক পাহাড়ে শান্তি ও সম্প্রীতির কথা বলা হয়েছে। কিন্তু সম্প্রীতি প্রতিষ্ঠার অন্যতম কার্যকর সামাজিক মাধ্যম খেলাধুলা ও সংস্কৃতিকে যদি দলীয় প্রভাব, গোষ্ঠীগত আধিপত্য, সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি ও স্বজনপ্রীতির হাতে ছেড়ে দেওয়া হয়, তাহলে আগামী প্রজন্মের জন্য কী রেখে যাচ্ছি? পাহাড়ের নেতৃত্বের কাছে এখন এ প্রশ্ন তোলার সময় এসেছে।
পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা শুধু নিরাপত্তা বাহিনীর দায়িত্ব নয়, শুধু সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতির বিষয়ও নয়। এটি সামাজিক, সাংস্কৃতিক ও প্রজন্মগত দায়িত্ব।
মনে রাখতে হবে, পাহাড়ের প্রতিটি শিশুর হাতে অস্ত্রের পরিবর্তে ফুটবল তুলে দেওয়া, প্রতিটি তরুণের সামনে মাদকের পরিবর্তে খেলার মাঠের সুযোগ তৈরি করা এবং প্রতিটি জাতিগোষ্ঠীর সংস্কৃতিকে সম্মানের সঙ্গে তুলে ধরার পরিবেশ নিশ্চিত করাই হতে পারে স্থায়ী সম্প্রীতির অন্যতম ভিত্তি।
এখন সময় এসেছে পাহাড়ের ক্রীড়াঙ্গনকে বলয়মুক্ত, বৈষম্যহীন ও প্রতিভাবান প্রজন্মের জন্য উন্মুক্ত করার। অন্যথায় শান্তির কথা বলা হবে মঞ্চে, আর বৈষম্যের শিকার হয়ে হারিয়ে যাবে মাঠের আগামী দিনের সম্ভাবনাগুলো।
পাহাড়ের মাঠ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। প্রতিভার ওপর কারও একচেটিয়া অধিকার নেই। যোগ্যতা যেখানে উপেক্ষিত, সেখানে সম্প্রীতির স্লোগানও অর্থহীন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।