চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মো. ইকরাম ওয়াহিদ তোহা (২৫) চবির ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বুধবার সকালে হাটহাজারীর একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হাটহাজারীর বাসা থেকে তোহাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তোহার সঙ্গে ওই নারী শিক্ষার্থীর পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বাদীর দাবি, তাঁদের মধ্যে প্রায় পাঁচ বছর ধরে সম্পর্ক ছিল।
এজাহারে অভিযোগ করা হয়, গত ১৩ আগস্ট ও ১৩ সেপ্টেম্বর তোহা বিয়ের প্রলোভন দেখিয়ে ফতেপুর ইউনিয়নের ২ নম্বর গেটসংলগ্ন আনোয়ার ম্যানশনের ভাড়া বাসায় নিয়ে ওই নারী শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করেন।
মামলার বাদীর অভিযোগ, পরবর্তী সময়ে তোহার কাছে বিয়ের বিষয়ে জানতে চাইলে তিনি নানা ধরনের টালবাহানা করতে থাকেন। একপর্যায়ে যোগাযোগ বন্ধ করে আত্মগোপনে চলে যান।
ঘটনার পাঁচ দিন আগে ভুক্তভোগী নারী হাটহাজারী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলাটি করেন বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।