দক্ষিণ পূর্ব

বোমাবাজি করে জনগণের নির্বাচিত সরকারের ক্ষতি করা যাবে না: এমপি আবু সুফিয়ান

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬ ০৯:০১ সকাল
পঠিত : ৪০
বোমাবাজি করে জনগণের নির্বাচিত সরকারের ক্ষতি করা যাবে না: এমপি  আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, পরাজিত ও পলাতক অপশক্তি দেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। জনগণের প্রতি তাদের ক্ষোভের কারণ, মানুষ তাদের অন্যায়, অত্যাচার ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। এ কারণে পটকাবাজি ও পেট্রোল বোমার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।

তিনি বলেন, পটকাবাজি ও বোমাবাজি করে সাময়িকভাবে মানুষকে বিভ্রান্ত করা গেলেও জনগণের নির্বাচিত সরকারের কোনো ক্ষতি করা যাবে না। এ ধরনের অপতৎপরতার মাধ্যমে তারা জনগণের কাছে আরও বেশি প্রত্যাখ্যাত হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু সুফিয়ান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের জনগণ স্বৈরাচারকে বিদায় জানিয়েছে। লাখো মানুষ রাজপথে নেমে স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে, এ দেশের মাটিতে স্বৈরাচারের কোনো স্থান হবে না। যারা জনগণের রোষানলে পড়ে দেশ ছেড়ে পালিয়েছে, তারা এখন আবার বোমাবাজি ও নাশকতার মাধ্যমে ফিরে আসার স্বপ্ন দেখছে। তবে তাদের মনে রাখতে হবে, দেশে ফিরলে প্রচলিত আইনের মুখোমুখি হতে হবে।

তিনি আরও বলেন, যারা অতীতে অন্যায়, অত্যাচার, হত্যা ও নির্যাতনের সঙ্গে জড়িত ছিল, তারা এখনো নিজেদের ভুল স্বীকার করেনি কিংবা জনগণের কাছে ক্ষমা চায়নি। বরং আবারও রক্তপাত ও সহিংসতার পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের অপশক্তিকে কোনোভাবেই সে সুযোগ দেওয়া হবে না। দল-মত নির্বিশেষে জনগণের জানমালের নিরাপত্তা এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে এবং সদস্যসচিব সাব্বির আহমেদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, ইয়াসিন চৌধুরী লিটন এবং কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা নুর আহমেদ পিন্টু, পিয়াল, মহানগর যুবদলের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. আলাউদ্দিন, ওয়ার্ড বিএনপি নেতা জামাল, মাহমুদ আলী, আব্বাস উদ্দিন, তোফাজ্জল হোসেন মানিক, যুবদল নেতা নুর আজিম, এরশাদ আলী, তাজ মোহাম্মদ, মেহেদী হাসান মালু, সাহাফুদ্দীন, ইয়াসিন, খোরশেদ আলী ও পারভেজ।

এ ছাড়া শ্রমিকদল নেতা পাশা, টিপু, সোহেল, আলতাফ হোসেন, শাজাহান মিন্টু, মহিউদ্দিন মানিক, হামিদ, বাদশা ও মোরশেদ আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।