দক্ষিণ পূর্ব

ব্যাড টাচ বা গুড টাচ আমার তো ব্যাথা লেগেছে: পরীমণি

দক্ষিণপূর্ব ডেস্ক
দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬ ০৮:০৭ সকাল
পঠিত : ৬৩
ব্যাড টাচ বা গুড টাচ  আমার তো ব্যাথা লেগেছে: পরীমণি

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি আবারও আলোচনায় এসেছেন আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায়। গত ৫ নভেম্বর ব্যবসায়ীকে মারধরের একটি মামলায় হাজিরা দিতে গিয়ে এক সাংবাদিকের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। এ সময় ওই সাংবাদিককে টেনে নেওয়া ও মারধরের অভিযোগ ওঠে অভিনেত্রীর বিরুদ্ধে। তবে পরীমণির দাবি, ওই সাংবাদিক তাঁকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেছিলেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে আদালতে যান পরীমণি। ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির শুনানি হয়।

শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ৫ নভেম্বরের ঘটনা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন এই অভিনেত্রী।

পরীমণি বলেন, ‘সাংবাদিকের কার্ড ঝুলিয়ে অন্যায় করাটা কি আপনারা প্রশ্রয় দেন? আমাকে যখন ব্যাডটাচ বা গুডটাচ যেটাই হোক, করা হলো, আমার তো ব্যথা লেগেছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি এটা কেন করেছো? তখন কার্ড শো করলো এরকম করে যে—আমি কিন্তু সাংবাদিক। তার মানে কী দাঁড়াল? তখন তো আমি হিট মোমেন্টে; তাহলে তো বলবই, আমার সঙ্গে সাংবাদিকগিরি করো? বিষয়টি এমন নয় যে, সাংবাদিক পরিচয় দিয়ে অন্যায় করবেন।’

এর আগে গত ৫ নভেম্বর ব্যবসায়ীকে মারধরের মামলায় হাজিরা দিতে আদালতে গেলে ওই সাংবাদিকের সঙ্গে পরীমণির বাগ্‌বিতণ্ডা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী। ওই ঘটনায় সাংবাদিককে টেনে নেওয়া ও মারধরের অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে।

উল্লেখ্য, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র‌্যাব। পরদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। তদন্ত শেষে একই বছরের ৪ অক্টোবর পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

২০২২ সালের ৫ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পরে ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন পরীমণি। উচ্চ আদালত তাঁর ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে পুনরায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির নির্দেশ দেন।

এসআই/

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।