কক্সবাজারের মহেশখালীতে সড়কে হঠাৎ সামনে চলে আসা কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর এক তরুণ গুরুতর আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প সড়কের রাজঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকার আকবর হাজীপাড়ার মৃত আব্দুস সালামের ছেলে ইকবাল হোসেন (২৫) এবং একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো. শাহীন (১৮)। আহত আব্দুল কাইয়ুম একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। তাঁরা সম্পর্কে চাচাতো ও ফুফাতো ভাই। নিহত ইকবাল সৌদি আরবপ্রবাসী ছিলেন। কয়েক দিন আগে তিনি দেশে আসেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ইকবাল তাঁর দুই ভাইকে নিয়ে মোটরসাইকেলে উত্তর নলবিলা থেকে মাতারবাড়ির রাজঘাটের দিকে যাচ্ছিলেন। পথে রাজঘাট এলাকার কিছুটা আগে চলন্ত মোটরসাইকেলের সামনে হঠাৎ একটি কুকুর চলে আসে। কুকুরটিকে বাঁচাতে গিয়ে চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এতে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে তিন আরোহীই গুরুতর আহত হন।
নিহতদের চাচাতো ভাই মো. রিদুয়ান জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাকিবুল হাসান পরীক্ষা-নিরীক্ষা শেষে ইকবালকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আহত শাহীনকে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। অপর আহত আব্দুল কাইয়ুম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সুলতান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ একজনের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। অপরজনের মরদেহ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হওয়ায় পরিবারের সদস্যরা ময়নাতদন্ত করতে চাচ্ছেন না। তাঁদের লিখিত আবেদন পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
আর এইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।