চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শনিবার (২৮ নভেম্বর) ভোরে মিরসরাই সদর ইউনিয়ন শাখায় এ ঘটনা ঘটে। এতে ব্যাংকের দেয়াল ও ফটকের কিছু অংশে আগুন ধরে যায়।
ব্যাংকের নিরাপত্তাকর্মী ও কর্মকর্তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এদিকে, ঘটনার দিন সন্ধ্যায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর ফেসবুক আইডি থেকে অগ্নিসংযোগের একটি ভিডিও ছড়িয়ে পড়তে দেখা যায়।
গ্রামীণ ব্যাংকের মিরসরাই সদর ইউনিয়ন শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার অফিস শেষে তিনি ও কয়েকজন কর্মী বাড়িতে চলে যান। শনিবার সকালে অফিসে এসে অগ্নিসংযোগের ঘটনা সম্পর্কে জানতে পারেন।
ব্যবস্থাপক আরও বলেন, ঘটনার সময় ব্যাংকের নিরাপত্তাকর্মী রনজিত কুমার নাথ বাইরে পাহারায় ছিলেন। ভোরে আলো ফোটার আগে গাছগাছালির আড়াল থেকে কয়েকজন দুর্বৃত্ত ব্যাংকের সামনের সাইনবোর্ড, ফটকের ভেতরে এবং দোতলার দিকে কয়েকটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে দেয়াল ও ফটকে আগুন ধরে যায়।
তিনি জানান, নিরাপত্তাকর্মী রনজিত কুমার নাথ বিষয়টি জানিয়ে সবাইকে ফোন করেন। পরে দোতলায় থাকা প্রোগ্রাম ম্যানেজার জুনায়েদ হোসেনসহ অন্যরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, খবর পেয়ে পুলিশ নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান তিনি। পুলিশ পৌঁছানোর পর সেখানে আগুনের কোনো অস্তিত্ব দেখা যায়নি। এআই প্রযুক্তি ব্যবহার করে আগুনের দৃশ্য তৈরি করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন তিনি।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।