দক্ষিণ পূর্ব

রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ৭ নভেম্বর ২০২৬ ০২:২৯ দুপুর
পঠিত : ৪৫
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা

ছবি

Degchibarictg

 রাউজানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাস এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতিও রয়েছেন। আহত কয়েকজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাউজান উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা চুয়েট ক্যাম্পাসসংলগ্ন শহীদ জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। কর্মসূচি শেষে ফেরার পথে দলীয় অভ্যন্তরীণ বিরোধের জেরে ৮ থেকে ১০ জনের একটি দল তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেছেন আহতরা। এ সময় হামলাকারীদের হাতে লাঠিসোঁটা ও অস্ত্র ছিল বলেও দাবি করা হয়েছে।

আহত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন অভিযোগ করেন, হামলাকারীরা রড ও লাঠি দিয়ে তাঁর মাথা ও পায়ে আঘাত করেন। এতে তাঁর মাথা ফুলে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

তিনি আরও অভিযোগ করেন, সমাধিতে ফুল দেওয়ার কর্মসূচির বিষয়ে আগেই স্থানীয় থানা-পুলিশ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছিল। কর্মসূচিস্থলে পুলিশ উপস্থিত থাকলেও হামলার সময় কার্যকর ভূমিকা পালন করেনি।

হামলার জন্য রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন, যুবদল নেতা মো. আনোয়ার পারভেজ রানা, মো. তসলিম উদ্দিন ও ইমরানসহ কয়েকজনকে দায়ী করেছেন আনোয়ার হোসেন। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে আনোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে রাজনীতি করেও ৬১ বছর বয়সে এসে তাঁকে রাজপথে হামলার শিকার হতে হচ্ছে। এ ঘটনায় তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলেও জানান।

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বিকেল ৩টার দিকে চুয়েট এলাকায় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিকে কেন্দ্র করে কিছুটা হইচই ও বিশৃঙ্খলা হয়েছিল। তবে কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।