দক্ষিণ পূর্ব

আ. লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগ

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জের এসপি জাহাঙ্গীর আলম

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬ ০৩:৩২ রাত
পঠিত : ৭৮
রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জের এসপি জাহাঙ্গীর আলম

ছবি

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে দায়ের করা মামলায় শনিবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি দল চট্টগ্রামের অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করে।

আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলাটি করেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর মামলাটি নথিভুক্ত করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর মামলা করা হয়। এরপরই পুলিশের বিশেষায়িত ইউনিটের সদস্যরা অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন।

এর আগে গত মঙ্গলবার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর এসপি জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করেন চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আব্দুল কুদ্দুস চৌধুরী। ওই দিন তাঁর ব্যক্তিগত ও সরকারি কাজে ব্যবহৃত দুটি মুঠোফোন জব্দ করা হয়। পরে ফরেনসিক পরীক্ষার জন্য ফোন দুটি ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।

চট্টগ্রাম রেঞ্জ অফিস সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের পাশাপাশি পুলিশের অভ্যন্তরীণ ও গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহের অভিযোগ ওঠে এই কর্মকর্তার বিরুদ্ধে। বিষয়টি সামনে আসার পর তাঁকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি তাঁর কর্মকাণ্ডের বিষয়ে বিভাগীয় তদন্ত শুরু হয়। তদন্তের দায়িত্বে রয়েছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম।

মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশের একটি সূত্র জানায়, জাহাঙ্গীর আলমের মুঠোফোন থেকে পাঠানো একটি বার্তায় ডিসেম্বর মাসে রাজনৈতিক কর্মসূচিতে ব্যাপক লোকসমাগমের ইঙ্গিত ছিল। বার্তায় ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলনের প্রসঙ্গ টেনে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হওয়ার কথাও উল্লেখ করা হয়। একই সঙ্গে বাংলাদেশকে উদ্ধারের আহ্বান জানানো হয়েছিল বলে অভিযোগে বলা হয়েছে।

তবে বার্তাটি কাকে পাঠানো হয়েছিল, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানা যায়নি। মামলার অন্যান্য অভিযোগও তদন্তের মাধ্যমে যাচাই করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরইউ অথবা কাউন্টার টেররিজম ইউনিট মামলাটির তদন্ত করবে বলে জানা গেছে।

জাহাঙ্গীর আলম পুলিশের ২৮তম ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন।

এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়। ওই মামলায় গ্রেপ্তারের পর তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।