চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ১ হাজার ৩০০ পিস নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ করা এসব ক্রিমের ওজন ৪০ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ৮ লাখ টাকা।
শনিবার (৭ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান চালিয়ে এসব প্রসাধনী জব্দ করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই-চট্টগ্রামগামী বিজি-১৪৮ ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ জাহেদের (Mohammed Jahed) ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করা হয়। এ সময় তাঁর ব্যাগ থেকে ৪০ কেজি ওজনের ১ হাজার ৩০০ পিস নিষিদ্ধ ‘ফ্রেশ অ্যান্ড হোয়াইট বিউটি ক্রিম’ উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, প্রযোজ্য আমদানি নীতি আদেশের বিধান লঙ্ঘন করে এসব প্রসাধনী দেশে আনার চেষ্টা করা হয়েছে। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব পণ্য বাজারে ছড়িয়ে পড়া ঠেকাতে বিমানবন্দরে নজরদারি জোরদার করা হয়েছে।
জনস্বাস্থ্য সুরক্ষায় নিষিদ্ধ ও ক্ষতিকর প্রসাধনীর অবৈধ আমদানি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।