সংস্কার ও বিচারের দাবি আদায় এবং ফ্যাসিবাদের আস্ফালনের বিরুদ্ধে আগামী ডিসেম্বর মাসজুড়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামী ১ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, একটি সফল গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতি ফ্যাসিবাদের কড়ালগ্রাস থেকে মুক্ত হয়েছে। এরপর দৃশ্যত একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলেও দুঃখজনকভাবে নির্বাচনের আট মাস পেরিয়ে গেলেও দেশে স্থিতিশীলতা ফিরে আসেনি। বরং ফ্যাসিবাদের আস্ফালন বেড়েছে।
গাজী আতাউর রহমান বলেন, পরিস্থিতি এতটাই নাজুক যে সরকারকে নতুন করে সংহতি সংলাপ করতে হচ্ছে। অথচ প্রত্যাশা ছিল, গণ-অভ্যুত্থানের পর সংস্কার ও বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে জাতি ঐক্যবদ্ধভাবে ভবিষ্যতের পথে এগিয়ে যাবে। দেশের বর্তমান পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অগ্রযাত্রায় ভূমিকা রাখা দল হিসেবে এই পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বসে থাকতে পারে না। তাই সংস্কার ও বিচারের দাবি আদায় এবং ফ্যাসিবাদের আস্ফালনের বিরুদ্ধে আগামী ডিসেম্বর মাসজুড়ে রাজপথে সক্রিয় থাকবে দলটি। ১ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।