প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) কেনাকাটায় ৪৫৯ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া ২৮৩ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। কিছু সরঞ্জাম বাজারদরের চেয়ে ১৮ গুণ পর্যন্ত বেশি দামে কেনা হয়েছে।
গতকাল ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ হেলথ ওয়াচের ২০২৫-২৬ সালের দ্বিবার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়। ১৯১ পৃষ্ঠার এ প্রতিবেদনে দেশের স্বাস্থ্য খাতের অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা ও জবাবদিহির ঘাটতির নানা দিক তুলে ধরা হয়েছে।
বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক ডা. আহমেদ মুশতাক রাজা চৌধুরী এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) ইমেরিটাস বিজ্ঞানী ডা. শামস এল আরেফিনের সম্পাদনায় প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। এতে ১৭ জন গবেষকের লেখা ১১টি অধ্যায় রয়েছে। প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছে সুইডেন দূতাবাস ও সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডা)।
হাসপাতালে অনুপস্থিত চিকিৎসক, দালালের দৌরাত্ম্য
প্রতিবেদনে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে রোগীদের নানা ধরনের হয়রানি ও দুর্নীতির অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে দালালের দৌরাত্ম্য, শয্যা বরাদ্দ ও হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার বিনিময়ে অবৈধ অর্থ আদায় এবং রোগীদের বেসরকারি ক্লিনিকে পাঠানো।
একটি ঘটনায় দেখা গেছে, অস্ত্রোপচারের তারিখ ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক বৃদ্ধ রোগীর কাছ থেকে পাঁচ হাজার টাকা নেন হাসপাতালের এক ওয়ার্ডবয়। অথচ সংশ্লিষ্ট ওয়ার্ডে অস্ত্রোপচারের কোনো ব্যবস্থাই ছিল না। এ ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে ওই কর্মচারীকে অন্যত্র বদলি করা হয়।
চিকিৎসকদের কর্মস্থলে অনুপস্থিতির বিষয়টিও গবেষণায় উঠে এসেছে। আকস্মিক পরিদর্শনে প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি। পরবর্তী আরেকটি গবেষণায় প্রত্যন্ত অঞ্চলের কিছু স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের অনুপস্থিতির হার ৭০ শতাংশের বেশি পাওয়া গেছে। দায়িত্ব পালন না করেও বেতন-ভাতা নেওয়া 'ভুতুড়ে চিকিৎসকদের' বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ডায়াগনস্টিক পরীক্ষায় কমিশন বাণিজ্য
রোগীদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করাতে পাঠানোর বিনিময়ে চিকিৎসকদের কমিশন নেওয়ার বিষয়টি প্রতিবেদনে বিশেষভাবে পর্যালোচনা করা হয়েছে।
এতে বলা হয়েছে, পরীক্ষার ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন নেন চিকিৎসকেরা। দেশের বড় ডায়াগনস্টিক প্রতিষ্ঠানগুলোতে এ ধরনের কমিশন লেনদেনের পরিমাণ বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা হতে পারে বলে গবেষণায় অনুমান করা হয়েছে। তবে এ হিসাব স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য সরঞ্জাম কেনাকাটায় অনিয়ম
স্বাস্থ্য খাতের সরকারি কেনাকাটায় বড় ধরনের আর্থিক অনিয়মের তথ্যও উঠে এসেছে প্রতিবেদনে। কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) কেনাকাটায় ৪৫৯ কোটি টাকার ক্ষতির পাশাপাশি ২৮৩ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত পড়ে থাকার তথ্য দেওয়া হয়েছে। কিছু সরঞ্জাম বাজারদরের তুলনায় ১৮ গুণ পর্যন্ত বেশি দামে কেনা হয়েছে।
এ ছাড়া স্বাস্থ্য খাতের ১ লাখ ৮০ হাজারের বেশি কর্মীর নিয়োগ, বদলি ও পদোন্নতিতে রাজনৈতিক প্রভাব এবং কাগজনির্ভর ব্যবস্থাপনার দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। ২০২১ সালে ২ হাজার ৮৩৯ জন স্বাস্থ্যকর্মীর নিয়োগ বাতিলের ঘটনাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নিয়ন্ত্রক সংস্থায় জবাবদিহির ঘাটতি
স্বাস্থ্য খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর স্বাধীনতা ও জবাবদিহির দুর্বলতাও উঠে এসেছে গবেষণায়। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) প্রায় ৯০ জন সদস্যের মধ্যে ৭০ জনই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট।
পর্যালোচনার আওতায় থাকা ছয়টি নিয়ন্ত্রক সংস্থার কোনোটিতেই রোগী বা সাধারণ জনগণের কার্যকর প্রতিনিধিত্ব পাওয়া যায়নি।
চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তিতেও দীর্ঘসূত্রতার চিত্র তুলে ধরা হয়েছে। ২০১০ সাল থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত বিএমডিসিতে ১৭২টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ৭৯টি অভিযোগ নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। আর ২৯টি ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে, ২০১০ সালে দেশে মেডিকেল কলেজের সংখ্যা ছিল ৬২টি। ২০২২-২৩ সালে তা বেড়ে ১১৮টিতে দাঁড়ায়। তবে মেডিকেল কলেজের সংখ্যা বাড়লেও শিক্ষার মান নিয়ন্ত্রণ ও তদারকিব্যবস্থার তেমন উন্নতি হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দুর্নীতি বন্ধে যেসব সুপারিশ
স্বাস্থ্য খাতের দুর্নীতি ও অনিয়ম রোধে বেশ কিছু সুপারিশ করেছে বাংলাদেশ হেলথ ওয়াচ। এর মধ্যে রয়েছে রোগীদের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার বা চিকিৎসাপ্রতিষ্ঠানে পাঠানোর বিনিময়ে কমিশন নেওয়া আইনত নিষিদ্ধ করা। পাশাপাশি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে চিকিৎসকদের আর্থিক সম্পর্কের তথ্য প্রকাশ বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছে।
অন্যান্য সুপারিশের মধ্যে রয়েছে—
চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তি ও ক্ষতিপূরণের বিধান রেখে আইনি কাঠামো তৈরি।
স্বাস্থ্যকর্মীদের জন্য ডিজিটাল মানবসম্পদ তথ্যব্যবস্থা চালু।
প্রত্যন্ত অঞ্চলে দায়িত্ব পালনে স্বাস্থ্যকর্মীদের প্রণোদনা দেওয়া।
সরকারি কেনাকাটার সব তথ্য জনসমক্ষে প্রকাশ।
চিকিৎসা সরঞ্জাম কেনা থেকে শুরু করে ব্যবহার পর্যন্ত পুরো প্রক্রিয়ায় স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করা।
অনিয়মের তথ্য প্রকাশকারীদের সুরক্ষা দেওয়া।
এ ছাড়া নিয়ন্ত্রক সংস্থাগুলোর স্বাধীনতা নিশ্চিত করতে মন্ত্রী, সচিব ও সংসদ সদস্যদের এসব সংস্থার প্রধান হওয়ার সুযোগ বন্ধের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে নিয়ন্ত্রক সংস্থাগুলোতে রোগী ও সাধারণ জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত এবং একটি স্বাধীন আপিল ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে ।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।