দক্ষিণ পূর্ব

পেয়ারা-কলায় ২৩ গুণ পারদ, চট্টগ্রামের পাঁচ ফলে ক্ষতিকর ধাতু

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬ ০৩:২৮ রাত
পঠিত : ৩৫
পেয়ারা-কলায় ২৩ গুণ পারদ, চট্টগ্রামের পাঁচ ফলে ক্ষতিকর ধাতু

ছবি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

শিশুদের টিফিন, সকালের নাশতা কিংবা দুপুরের খাবারের পর—প্রতিদিনের খাদ্যতালিকায় ফল রাখেন অনেকেই। পুষ্টিগুণের কথা বিবেচনায় নিয়ে পেয়ারা, কলা, পেঁপে, আম ও আনারস কিনে খাচ্ছেন চট্টগ্রামের বিভিন্ন এলাকার মানুষ। 

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) এক গবেষণায় চট্টগ্রামের বাজার, সুপারশপ ও রাঙামাটির উৎপাদন এলাকা থেকে সংগ্রহ করা পাঁচ ধরনের ফলের নমুনায় পারদ, সিসা, আর্সেনিক, ক্যাডমিয়াম ও ক্রোমিয়ামের উপস্থিতি পাওয়া গেছে। কয়েকটি নমুনায় এসব ধাতুর মাত্রা নির্ধারিত নিরাপদ সীমার চেয়ে কয়েক গুণ বেশি। এর মধ্যে সুপারশপ থেকে সংগ্রহ করা একটি পেয়ারা নমুনায় অনুমোদিত সীমার প্রায় ২৩ গুণ এবং কলার একটি নমুনায় প্রায় ১৬ গুণ পারদ পাওয়া গেছে।

 উপজেলার নাজিরহাট, বিবিরহাট ও ফটিকছড়ি সদরসহ বিভিন্ন বাজারে প্রতিদিন বিক্রি হচ্ছে দেশি-বিদেশি নানা ধরনের ফল। এসব ফলের বড় একটি অংশ চট্টগ্রামের বিভিন্ন পাইকারি আড়ত থেকে স্থানীয় বাজারে আসে। পাশাপাশি ফটিকছড়ি ও পার্শ্ববর্তী খাগড়াছড়ির পাহাড়ি অঞ্চল থেকেও ফল সরবরাহ করা হয়।

তবে স্থানীয় বাজারে বিক্রি হওয়া ফলের উৎপাদন, রাসায়নিক ব্যবহার ও সংরক্ষণপ্রক্রিয়া সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেই ব্যবসায়ীদের কাছেও। ফলে এসব ফল কতটা নিরাপদ, তা নিয়ে নিশ্চিত হতে পারছেন না ক্রেতারা।

ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক বলেন, অনেক কৃষক ব্লকে নিয়োজিত উপসহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শ না মেনে কীটনাশক বিক্রেতাদের কথামতো কীটনাশক প্রয়োগ করেন। উৎপাদন ও বিক্রি বাড়ানোর প্রতিযোগিতায় কোনো কোনো ক্ষেত্রে একাধিক কোম্পানির কীটনাশকও ব্যবহার করা হয়। এতে পরিবেশদূষণের পাশাপাশি খাদ্যে কীটনাশকের অবশিষ্টাংশ থাকার ঝুঁকি তৈরি হয়।

সিভাসুর অ্যাপ্লাইড ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আয়েশা বেগমের নেতৃত্বে ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত গবেষণাটি পরিচালিত হয়। গবেষকেরা পেয়ারা, কলা, আম, পেঁপে ও আনারসের মোট ৪৫টি নমুনা সংগ্রহ করেন। নমুনাগুলো নেওয়া হয় চট্টগ্রামের স্থানীয় ফলের বাজার, সুপারশপ এবং রাঙামাটির পাহাড়ি উৎপাদন এলাকা থেকে।

গবেষণায় পাঁচ ধরনের ফলের নমুনায় পারদ, সিসা, আর্সেনিক, ক্যাডমিয়াম ও ক্রোমিয়ামের উপস্থিতি শনাক্ত হয়। ফলভেদে ভারী ধাতুর গড় মাত্রায়ও পার্থক্য পাওয়া গেছে। প্রতি কেজি ফলে গড়ে সবচেয়ে বেশি ক্রোমিয়াম পাওয়া গেছে আমে, ১ দশমিক ৩৯৯ মিলিগ্রাম। এ ছাড়া পেঁপেতে ১ দশমিক ২৬৮, পেয়ারায় ১ দশমিক ২০০, কলায় ১ দশমিক ০৬৭ এবং আনারসে দশমিক ৮৬৯ মিলিগ্রাম ক্রোমিয়াম পাওয়া গেছে। চট্টগ্রামের একটি সুপারশপ থেকে সংগ্রহ করা আমের নমুনায় ক্রোমিয়ামের পরিমাণ ছিল প্রতি কেজিতে ১ দশমিক ৯৫৮ মিলিগ্রাম।

গবেষণায় তাজা ফলে পারদের অনুমোদিত সর্বোচ্চ মাত্রা প্রতি কেজিতে দশমিক ০৩ মিলিগ্রাম ধরা হয়েছে। সেখানে সুপারশপের একটি পেয়ারা নমুনায় প্রতি কেজিতে দশমিক ৬৯১ মিলিগ্রাম এবং কলার একটি নমুনায় দশমিক ৪৭৮ মিলিগ্রাম পারদ পাওয়া যায়।

এ ছাড়া রাঙামাটির উৎপাদন এলাকা থেকে সংগ্রহ করা পেয়ারায় প্রতি কেজিতে ১ দশমিক ৬৮৭ মিলিগ্রাম সিসা পাওয়া গেছে। চট্টগ্রামের সুপারশপের পেয়ারায় আর্সেনিকের পরিমাণ ছিল দশমিক ২৭২ মিলিগ্রাম এবং রাঙামাটির পেয়ারায় ক্যাডমিয়াম পাওয়া গেছে দশমিক ০৭৪ মিলিগ্রাম।

ফল খাওয়ার মাধ্যমে মানবদেহে এসব ধাতুর সম্ভাব্য প্রভাবও বিশ্লেষণ করেছেন গবেষকেরা। এতে সুপারশপের পেয়ারা নমুনায় সম্মিলিত ঝুঁকি সূচক পাওয়া গেছে ৫ দশমিক ০৮৬, কলায় ২ দশমিক ৭৯২ এবং স্থানীয় বাজারের পেঁপেতে ২ দশমিক ৫৬৫। সব ফল ও ধাতুর নমুনা মিলিয়ে এ সূচক ছিল ২৪ দশমিক ৬০২। এর মধ্যে পারদের অবদান ৬৫ দশমিক ৭ শতাংশ। গবেষণায় ক্রোমিয়াম থেকে সম্ভাব্য ক্যানসারঝুঁকির বিষয়টিও মূল্যায়ন করা হয়েছে।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আলম বলেন, ফলমূল শরীরের জন্য উপকারী। তবে কীটনাশকের ক্ষতিকর অবশিষ্টাংশযুক্ত খাবার দীর্ঘদিন গ্রহণ করলে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে শিশু ও গর্ভবতী নারীদের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন।

তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উৎপাদন পর্যায় থেকেই অতিরিক্ত কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি কৃষকদের সঠিক পদ্ধতিতে কীটনাশক প্রয়োগ এবং নির্ধারিত অপেক্ষাকাল মেনে চলা নিশ্চিত করা জরুরি।

অন্যদিকে, নাজিরহাট ও বিবিরহাট বাজারের কয়েকজন ফল ব্যবসায়ী জানান, বিভিন্ন উৎস থেকে এসব বাজারে ফল সরবরাহ করা হয়। তবে ফলের উৎপাদনস্থল, চাষাবাদে ব্যবহৃত রাসায়নিক এবং পরিবহনের সময় সংরক্ষণপদ্ধতি সম্পর্কে তাঁদের কাছে বিস্তারিত তথ্য থাকে না।

ফটিকছড়ি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ফলে ক্ষতিকর ভারী ধাতুর উপস্থিতির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। গবেষণায় অনুমোদিত মাত্রার বেশি ভারী ধাতু পাওয়া যাওয়া ফলের নমুনা স্বীকৃত পরীক্ষাগারে পুনরায় পরীক্ষা করা জরুরি। পাশাপাশি মাটি, সেচের পানি ও কৃষি উপকরণ পরীক্ষা করে দূষণের উৎস শনাক্ত করতে হবে।

গবেষণাটির তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. আয়েশা বেগম বলেন, চট্টগ্রামের ফল সরবরাহব্যবস্থায় ভারী ধাতুর উপস্থিতি ও সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি নিয়ে এ গবেষণা একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক ভিত্তি তৈরি করেছে। উৎপাদনস্থল থেকে শুরু করে স্থানীয় বাজার ও সুপারশপ—সব পর্যায়ে ফল এবং সরবরাহব্যবস্থার ওপর নিয়মিত নজরদারি জোরদার করা প্রয়োজন। এতে ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সহজ হবে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।