দক্ষিণ পূর্ব

সাতকানিয়ায় এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৩ হাজার মানুষের যোগদান

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২ অক্টোবর ২০২৬ ০৭:৫৯ বিকাল
পঠিত : ৩৩
সাতকানিয়ায় এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৩ হাজার মানুষের যোগদান

ছবি

চট্টগ্রামের সাতকানিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)তে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় তিন হাজার মানুষ যোগ দিয়েছেন। দলটির দাবি, যোগদানকারীদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সাবেক ও বর্তমান নেতাকর্মী, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে সাতকানিয়ার কেরানীহাট এলাকার একটি কমিউনিটি সেন্টারে এনসিপি সাতকানিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাদের দলে নেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক লায়ন এ এম মুন্না চৌধুরী। প্রধান অতিথি ছিলেন ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।

এতে বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনাইদ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন, দক্ষিণ জেলা সদস্যসচিব জুবায়েরুল আলম মানিক, যুগ্ম সদস্যসচিব সাগুপ্তা বুশরা মিশমা ও যুগ্ম মুখ্য সমন্বয়ক জুবায়ের আরিফ। এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় এনসিপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি চট্টগ্রামের সামগ্রিক উন্নয়ন নিয়েও বক্তব্য দেন তারা।

প্রধান অতিথির বক্তব্যে নাসিরুদ্দিন পাটোয়ারী নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং জনগণের প্রত্যাশা পূরণে তরুণ প্রজন্মের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

দলটির পক্ষ থেকে বলা হয়, এই যোগদানের মধ্য দিয়ে সাতকানিয়ায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম ও জনসম্পৃক্ততা আরও বিস্তৃত হয়েছে।

যোগদানকারীদের মধ্যে এলডিপি, আপ বাংলাদেশ, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নেতাকর্মীরাও রয়েছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও এনসিপিতে যোগ দিয়েছেন।

যোগদান প্রসঙ্গে এনসিপি চট্টগ্রামের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় বলেন, ‘সারা দেশে জাতীয় নাগরিক পার্টিতে যোগদানের যে ধারাবাহিকতা চলছে, তারই অংশ হিসেবে সাতকানিয়ায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের পরিচিত মুখসহ প্রায় তিন হাজার সাধারণ নাগরিক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা ধারণ করে আমরা ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যেতে চাই।’

আর / দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।