দক্ষিণ পূর্ব

সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ঘটনায় জামায়াতকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৮ অক্টোবর ২০২৬ ০৩:৫২ দুপুর
পঠিত : ১৭
সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ঘটনায় জামায়াতকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ

ছবি

Degchibarictg

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংরক্ষিত মহিলা আসন-২১-এর সংসদ সদস্য শামীম আরা বেগম স্বপ্নার পরিদর্শনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতির ঘটনাকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে চালানো ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাতকানিয়া উপজেলা জামায়াত।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন ও সেক্রেটারি তারেক হোসাইন এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী মহিলা সংসদ সদস্যকে স্বাগত জানাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন। সেখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তাঁর এবং জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।

তাঁরা দাবি করেন, স্বাস্থ্য কমপ্লেক্সে সংঘটিত হাতাহাতির ঘটনায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা জড়িত ছিলেন—এমন প্রচারণার কোনো সত্যতা নেই। বাস্তবতা যাচাই না করে জামায়াতকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। কোনো পক্ষের দায় জামায়াতে ইসলামীর ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।

বিবৃতিতে বলা হয়, জামায়াতে ইসলামী আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ, শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাসী। সংঘাত, সহিংসতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করা দলটির রাজনৈতিক নীতি ও আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

নেতৃদ্বয় আরও বলেন, ‘জামায়াত-বিএনপি সংঘর্ষ’—এ ধরনের শিরোনাম বা প্রচারণার মাধ্যমে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে রাজনৈতিক সংঘাতে রূপ দেওয়ার চেষ্টা অত্যন্ত দুঃখজনক। দীর্ঘ ১৭ বছরের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন সময়ে রাজপথে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রশ্নে রাজনৈতিক দলগুলো যখন দায়িত্বশীল ভূমিকা পালনের চেষ্টা করছে, তখন সংঘর্ষের ‘মিথ্যা বয়ান’ তৈরি করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তাঁরা বলেন, প্রকৃত ঘটনা উদঘাটনে কোনো ধরনের রাজনৈতিক চাপ বা পূর্বধারণার ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন। কোনো স্বার্থান্বেষী মহল রাজনৈতিক বিভ্রান্তি, পারস্পরিক অবিশ্বাস ও অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে গুজব ছড়াতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে জামায়াত নেতারা বলেন, সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঘটনার প্রকৃত কারণ, সংশ্লিষ্ট ব্যক্তি এবং ঘটনার নেপথ্যের উদ্দেশ্য নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে জনগণের সামনে প্রকৃত সত্য তুলে ধরতে হবে।

একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি, দল বা সংগঠনকে জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তাঁরা।

বিবৃতিতে আরও বলা হয়, সাতকানিয়ার শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণ প্রতিহত করবে। রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তি ছড়িয়ে জনমনে বিভাজন সৃষ্টির চেষ্টা বন্ধ করতে হবে।

জামায়াতে ইসলামী সত্য, ন্যায় ও দায়িত্বশীল রাজনীতির পক্ষে উল্লেখ করে নেতৃদ্বয় বলেন, কোনো অপপ্রচার বা ষড়যন্ত্রের মাধ্যমে সাতকানিয়ার শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নষ্ট করতে দেওয়া হবে না।

আর / দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।