সৌদি আরবে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের সবাই কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা। তাঁদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) স্থানীয় সময় দিবাগত রাত ২টার দিকে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন সৌদি আরবের আল আবীর কোল্ড স্টোরস ট্রেডিং কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামান।
নিহতরা হলেন- ওই কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তাঁর দুই ছেলে ও এক মেয়ে, কোম্পানির ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত একই কোম্পানির স্টোরকিপার আলমশাহ ও তাঁর এক মাস বয়সী কন্যাশিশু।
জানা গেছে, একটি যানবাহনে করে তাঁরা মদিনা থেকে জেদ্দার উদ্দেশে যাচ্ছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে যানবাহনটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল নিহতদের মরদেহ উদ্ধার করে। বর্তমানে মরদেহগুলো মদিনার একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।