হাটহাজারী প্রতিনিধি
হাটহাজারীতে নকল স্বর্ণের বালা বিক্রির প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে প্রায় পৌনে চার লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। চার সদস্যের চক্রটি কৌশলে ওই নারীর দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন ও আংটি নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগের পাশাপাশি পুলিশের কাছে সিসিটিভি ফুটেজও জমা দিয়েছেন ভুক্তভোগী।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে হাটহাজারী বাজারের ত্রিবেণী মিষ্টি ভাণ্ডার মোড়ে নুরজাহান বেকারির সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী খালেদা বেগম (৫৫) হাটহাজারী পৌরসভা এলাকার মীরেরহাট আলমপুর গ্রামের বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, ওষুধ কেনার জন্য ওই দিন দুপুরে হাটহাজারী বাজারে যান খালেদা বেগম। চট্টগ্রাম-নাজিরহাট মহাসড়কের পাশে নুরজাহান বেকারির সামনে পৌঁছালে ৩০ থেকে ৩২ বছর বয়সী দুই যুবক তাঁর সঙ্গে কথা বলেন। তাঁদের কাছে থাকা একজোড়া বালা স্বর্ণের দাবি করে বিদেশ যাওয়ার জন্য সেগুলো বিক্রিতে সহযোগিতা চান। বিনিময়ে তাঁকেও লাভের ভাগ দেওয়ার প্রলোভন দেখান তাঁরা।
খালেদা বেগম তাঁদের সোনার দোকানে যাওয়ার পরামর্শ দিলেও কিছুক্ষণ পর ঘটনাস্থলে আরও দুই ব্যক্তি এসে যোগ দেন। অভিযোগ অনুযায়ী, পরে ওই চারজন তাঁর গলায় থাকা স্বর্ণের চেইন ও আংটির বিনিময়ে বালা দুটি নেওয়ার প্রস্তাব দেন। তাঁদের কথায় রাজি হওয়ার পর খালেদা বেগমকে জেলা পরিষদ মার্কেটের শৌচাগারের সামনে নিয়ে যাওয়া হয়।
সেখানে নকল বালা দুটি তাঁর হাতে দিয়ে কৌশলে গলায় পরা আসল স্বর্ণের চেইন ও আংটি নিয়ে পালিয়ে যান তাঁরা। খালেদা বেগমের দাবি, চুরি যাওয়া দেড় ভরি ওজনের অলংকারগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় পৌনে চার লাখ টাকা।
ঘটনার পর ওই দিন সন্ধ্যায় হাটহাজারী মডেল থানায় লিখিত অভিযোগ করেন খালেদা বেগম। প্রতারকদের শনাক্ত করতে সহায়ক হিসেবে দুটি সিসিটিভি ক্যামেরার ফুটেজও পুলিশের কাছে জমা দেন তিনি।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
এসআই/
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।