চট্টগ্রামের হাটহাজারীতে সাত পা নিয়ে একটি বাছুরের জন্ম হয়েছে। বিরল শারীরিক গঠনের এই বাছুরকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল।
গত শনিবার (১৯ সেপ্টেম্বর) হাটহাজারী পৌরসভার হাটহাজারী বাজারসংলগ্ন কৃষি ফার্ম রোড হয়ে ফায়ার সার্ভিসের সামান্য দক্ষিণে দুদু মিয়ার পাহাড় এলাকার একটি গোয়ালঘরে বাছুরটির জন্ম হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার খামারি আবু তাহেরের ছেলে মাসুদের পালন করা একটি গাভী বাছুরটির জন্ম দেয়।
জন্মের পর বাছুরটির শরীরে স্বাভাবিক চারটি পায়ের পাশাপাশি পিঠ ও পেছনের অংশে আরও তিনটি ছোট আকৃতির অতিরিক্ত পা দেখা যায়। অর্থাৎ বাছুরটির মোট সাতটি পা রয়েছে। তবে বিরল এই শারীরিক গঠন নিয়েও বাছুরটি জীবিত রয়েছে এবং বর্তমানে সুস্থ আছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঘটনাটি ছড়িয়ে পড়ার পর থেকেই মাসুদের বাড়ি ও আশপাশের এলাকায় মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়। অনেকে দূর-দূরান্ত থেকে বাছুরটিকে দেখতে সেখানে আসছেন।
হাটহাজারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাবিল ফারাবী বলেন, বাছুরটির জন্মের খবর পেয়ে প্রাণিসম্পদ বিভাগের একটি টিম ঘটনাস্থলে গেছে। তবে মালিকপক্ষ বাছুরটি দেখাতে সম্মতি দেয়নি। তাদের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
তিনি বলেন, কী কারণে বাছুরটির এমন শারীরিক গঠন হয়েছে, তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা প্রয়োজন। বিষয়টি ভবিষ্যতে গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হতে পারে। তবে মালিকপক্ষ সহযোগিতা না করায় এ বিষয়ে বিস্তারিতভাবে কাজ করা সম্ভব হয়নি।
আর /দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।