মাত্র ছয় বছর বয়সেই রুবিকস কিউব মেলানোর প্রতিযোগিতায় নারীদের বিভাগে নতুন বিশ্বরেকর্ড গড়েছে চীনের শিশু লিয়ান ইউংঝি। মাত্র তিন দিনের ব্যবধানে দুটি প্রতিযোগিতায় নিজের গড়া রেকর্ড নিজেই ভেঙেছে সে।
গড়ে ৪ দশমিক ২৭ সেকেন্ডে ৩×৩ আকারের রুবিকস কিউব মিলিয়ে নতুন এই রেকর্ড গড়ে লিয়ান। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, চেংদুর এই খুদে স্পিড কিউবারই প্রথম নারী, যে সাড়ে চার সেকেন্ডের কম সময়ে রুবিকস কিউব মেলানোর রেকর্ড গড়েছে।
‘ঝিঝি’ ডাকনামের লিয়ান ইতোমধ্যে রুবিকস কিউব সমাধানের ১ হাজার ৩০০টির বেশি অ্যালগরিদম আয়ত্ত করেছে। সম্প্রতি চীনের গুয়াংজু ও উহানে আয়োজিত দুটি পৃথক প্রতিযোগিতায় অংশ নিয়ে মাত্র তিন দিনের ব্যবধানে নিজের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ে সে।
লিয়ানের মা লিন ইয়াংসি জানান, তার মেয়ে প্রতিদিন নিয়ম করে দুই থেকে তিন ঘণ্টা রুবিকস কিউব নিয়ে অনুশীলন করে। নাচ ও সংগীতের পাশাপাশি শখের বশে কিউব শেখার ক্লাসে ভর্তি হয়েছিল লিয়ান। পরে মেয়ের মেধা ও আগ্রহ দেখে পরিবার তাকে স্পিড কিউবিংয়ে আরও মনোযোগী করে।
লিয়ানের মায়ের মতে, নিয়মিত রুবিকস কিউব চর্চা শিশুদের মনোযোগ, স্মৃতিশক্তি ও যৌক্তিক চিন্তাভাবনার দক্ষতা বাড়াতে সহায়তা করে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।