১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ ঘটনার মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ধারায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে এবং বাংলাদেশি জাতীয়তাবাদের প্রতিষ্ঠার পথ সুগম হয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। চট্টগ্রাম থেকেই তিনি মুক্তিযুদ্ধের সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধকালীন তাঁর অবদান এবং পরবর্তী রাজনৈতিক ইতিহাস যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন। বাংলাদেশের ইতিহাস জানতে হলে মুক্তিযুদ্ধ ও ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহসহ গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো নিরপেক্ষভাবে পর্যালোচনা করতে হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব হলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, ৭ নভেম্বরের বিপ্লবের প্রকৃত তাৎপর্য বুঝতে হলে ওই সময়ের রাজনৈতিক ঘটনাপ্রবাহ, সিপাহি-জনতার ভূমিকা এবং দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সম্পর্কে জানতে হবে। ইতিহাসের সঠিক মূল্যায়নের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হামলার পর জাতি যখন দিশেহারা, তখন চট্টগ্রামে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন মেজর জিয়াউর রহমান বিদ্রোহ ঘোষণা করে মুক্তিযুদ্ধের সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরদিন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর তিনি আবার ব্যারাকে ফিরে যান। একজন পেশাদার সৈনিক হিসেবে তাঁর দায়িত্ববোধ ও নেতৃত্বের প্রতি সিপাহিদের আস্থা পরবর্তী সময়ে ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শ্রমিক নেতাকর্মীদের উদ্দেশে সিটি প্রশাসক বলেন, শ্রমিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতা বজায় রাখতে হবে। শ্রমিকদের কাজের সুযোগ সৃষ্টি এবং নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্ব দিতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, ১৯৭৫ সালের রাজনৈতিক অস্থিরতা ও রাষ্ট্রীয় সংকটের ধারাবাহিকতায় ২ থেকে ৭ নভেম্বর পর্যন্ত সংঘটিত ঘটনাবলি বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। ওই সময় সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিভক্তি, পাল্টাপাল্টি অভ্যুত্থান ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে সিপাহি-জনতার ভূমিকা বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। ৭ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে জনতার কাতারে ফিরিয়ে আনার মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাস নতুন মোড় নেয়।
চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন ও শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন।
সভায় বক্তব্য দেন বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি ইদ্রিস মিয়া, সহসভাপতি শফিকুর রহমান চেয়ারম্যান, মোহাম্মদ জামাল উদ্দিন, শাহেনেওয়াজ চৌধুরী মিনু, নাসিরাবাদ শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি আজিজ উদ্দিন মিন্টু, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, সহসম্পাদক আবু জাফর ও ইব্রাহীম ফরাজি, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট ইকবাল হোসেন, যুববিষয়ক সম্পাদক হাসিবুর রহমান বিপ্লব এবং দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ডা. মহসিন খান তরুণ।
এ ছাড়া উপস্থিত ছিলেন নাসিরাবাদ শিল্পাঞ্চল শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ চান মিয়া, কাজী আফসার, চট্টগ্রাম বন্দর ডক জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সেলিম, বন্দরের সিরাজুল ইসলাম, আব্দুল মান্নান, অপু সিংহ, মুজিবুর রহমান, চট্টগ্রাম সিটি করপোরেশন শ্রমিক দলের সভাপতি মামুনুর রশিদ ও যুগ্ম সাধারণ সম্পাদক সবুর খান মাসুম, চট্টগ্রাম ওয়াসা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মিয়া, কোস্টার হেজ শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম, সিডিএ শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মফিজ উদ্দিন, রিকশা শ্রমিক দলের সভাপতি মাহমুদ কামাল উদ্দিনসহ বিভিন্ন থানা ও শ্রমিক সংগঠনের নেতারা।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।