চট্টগ্রাম নগরের আগ্রাবাদে ফ্লাইওভারের ওপর কাটা ঘুড়ি ধরতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ হারিয়েছে ১৩ বছর বয়সী এক শিশু। শুক্রবার সন্ধ্যায় বারেক বিল্ডিং এলাকার ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, নগরের ডাবলমুরিং থানার আগ্রাবাদের বারেক বিল্ডিং এলাকার ফ্লাইওভারের ওপর একটি কাটা ঘুড়ি ধরতে যায় শিশুটি। এ সময় সে সিএনজিচালিত অটোরিকশার সামনে পড়ে যায়। অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন ১৯ বছর বয়সী আহাদ ও আমিদ। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, আমিদের বাড়ি নগরের ইপিজেড থানাধীন নিউ মুরিং লেবার কলোনির হাজী আবু তাহের ভিলায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ি থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় জানানো হয়েছে, নিহত শিশুটির পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ কাজ করছে।
আর/ দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।