দক্ষিণ পূর্ব

আগ্রাবাদ থেকে সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন গ্রেপ্তার

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬ ০৭:১১ বিকাল
পঠিত : ১১৪
আগ্রাবাদ থেকে সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন গ্রেপ্তার

ছবি

চট্টগ্রামের আলোচিত শিল্পগ্রুপ সাদ-মুসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মহসিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সাতটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে নগরের আগ্রাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোহাম্মদ মহসিনের বিরুদ্ধে সাতটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এসব পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে থানায় নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর পরোয়ানা যাচাই-বাছাইসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

চট্টগ্রামের পোশাক ও বস্ত্রশিল্প খাতের পরিচিত প্রতিষ্ঠান সাদ-মুসা গ্রুপ প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে। মোহাম্মদ মহসিনের হাত ধরে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি পরবর্তী সময়ে পোশাকশিল্পের বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারণ করে। একসময় গ্রুপটির অধীনে বিপুলসংখ্যক শ্রমিক-কর্মচারী কাজ করতেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণখেলাপি, চেক প্রত্যাখ্যান এবং অর্থ আত্মসাতের অভিযোগে আলোচনায় আসে প্রতিষ্ঠানটি।

আদালত সূত্রে জানা যায়, ন্যাশনাল ব্যাংকের আগ্রাবাদ শাখার পাঁচটি চেক প্রত্যাখ্যানের মামলায় গত বছরের ২৫ ফেব্রুয়ারি মহসিনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন চট্টগ্রামের দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালত। পাঁচটি মামলায় ব্যাংকের মোট পাওনা দাবির পরিমাণ ছিল ৫৫ কোটি ৯৪ লাখ ৭৫ হাজার ৮০০ টাকা। প্রতিটি মামলায় তাঁকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। ওই দিন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তিনি জামিনে মুক্তি পান।

এর আগে ২০২৪ সালের এপ্রিলে ঋণখেলাপির মামলায় মহসিন ও তাঁর স্ত্রী শামীমা নারগিছ চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন চট্টগ্রামের অর্থঋণ আদালত। ওই সময় আদালত-সংশ্লিষ্ট সূত্রে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাদ-মুসা গ্রুপের প্রায় তিন হাজার কোটি টাকার ঋণখেলাপির তথ্য উঠে আসে।

এ ছাড়া ন্যাশনাল ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে ২০২৪ সালের ডিসেম্বরে মহসিনসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরবর্তী সময়ে এ ঘটনায় মামলা দায়ের করা হয়।

সর্বশেষ, ২০২৫ সালের মার্চে প্রাইম ব্যাংকের চট্টগ্রামের জুবিলী রোড শাখা থেকে ঋণ নিয়ে ৪৬ কোটি ৮৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মহসিনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এসব মামলা ও ঋণসংক্রান্ত অভিযোগের মধ্যেই এবার সাত মামলার গ্রেপ্তারি পরোয়ানায় তাঁকে গ্রেপ্তার করল পুলিশ।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।