দক্ষিণ পূর্ব

আন্তর্জাতিক ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে জেলা প্রশাসক

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬ ১২:৩১ দুপুর
পঠিত : ৫৬
আন্তর্জাতিক ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে জেলা প্রশাসক

ছবি

তুরস্কে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ড্রোন প্রযুক্তি প্রতিযোগিতা ‘টেকনোফেস্ট তুর্কিয়ে ২০২৭’-এ অংশ নিতে যাচ্ছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) গবেষণা দল ‘টিম স্টারাপ্টর’। দলটির গবেষণা ও প্রস্তুতির জন্য এক লাখ টাকা অনুদান দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

অনুদান প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ‘আমাদের মেধার কোনো সীমা নেই। প্রযুক্তিতে আমরা যতটুকু পিছিয়ে আছি, তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তি ও দক্ষতা সেই ঘাটতি পূরণ করবে। মেধাবী তরুণেরাই বাংলাদেশকে প্রযুক্তিবিশ্বে একটি সুদৃঢ় অবস্থানে নিয়ে যাবে।’

আগামী বছরের মার্চ-এপ্রিল মাসে তুরস্কে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিযোগিতা ‘টেকনোফেস্ট তুর্কিয়ে ২০২৭’। এতে অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিতে ভার্টিক্যাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং (ভিটল) ড্রোন তৈরি করছে চুয়েটের দলটি। গবেষণা ও প্রতিযোগিতার প্রস্তুতিতে সহযোগিতার অংশ হিসেবে জেলা প্রশাসন এই অনুদান দিয়েছে।

‘মেধার বিকাশ ও প্রযুক্তির অগ্রযাত্রায় জেলা প্রশাসন চট্টগ্রাম’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্যোগের প্রশংসা করে জেলা প্রশাসক বলেন, ‘চুয়েটের এই মেধাবী শিক্ষার্থীদের নিয়ে আমরা গর্বিত। তাঁরা এমন একটি প্রযুক্তি নিয়ে কাজ করছেন, যা শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্বের জন্যও গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, তাঁরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো করবেন এবং বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করতে সক্ষম হবেন।’

ড্রোন প্রযুক্তির সম্ভাবনা তুলে ধরে জাহিদুল ইসলাম বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ড্রোনের ব্যবহার বাড়ছে। চীনসহ বিভিন্ন দেশ কৃষিক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহার করে উৎপাদনশীলতা বাড়াচ্ছে। তবে সামরিক ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডেও ড্রোন ব্যবহৃত হচ্ছে। তাই প্রযুক্তির ইতিবাচক ও মানবকল্যাণমূলক ব্যবহার নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ‘প্রযুক্তি একটি উপকারী সেবক, কিন্তু বিপজ্জনক প্রভু। আমরা যদি প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে না পারি, তাহলে প্রযুক্তিই আমাদের নিয়ন্ত্রণ করবে। আর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারলে এর সুফল ভোগ করতে পারব।’

শিক্ষার্থীদের ভবিষ্যৎ গবেষণা ও প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আরও অর্থ ও প্রাতিষ্ঠানিক সহায়তার প্রয়োজন রয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, ড্রোনটির সক্ষমতা প্রমাণিত হলে বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে তুলে ধরা হবে। প্রয়োজনীয় সহযোগিতার জন্য যোগাযোগ ও সুপারিশ করা হবে। পাশাপাশি তুরস্কে অবস্থানকালে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সহায়তা পাওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘আমরা যেমন মৎস্যজীবীদের পাশে দাঁড়াই, বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসি, তেমনি দেশের মেধাবী সন্তানদের পাশেও থাকতে চাই। কারণ, তাঁদের হাতেই দেশের ভবিষ্যৎ। তাঁদের নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখি।’

অনুষ্ঠানে টিম স্টারাপ্টরের দলনেতা রাশিদ আবরার আজমাইন জানান, চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২০২২ ও ২০২৩ ব্যাচের শিক্ষার্থীরা ড্রোনটি তৈরির কাজ করছেন। সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রেই ভিটল ড্রোনের ব্যবহার বাড়লেও বাংলাদেশে এ প্রযুক্তির গবেষণা ও উন্নয়নে ঘাটতি রয়েছে। সেই ঘাটতি পূরণের লক্ষ্যেই তাঁদের এই উদ্যোগ।

দলটির দাবি, ‘দ্য স্টারাপ্টর’ নামে উদ্ভাবিত ড্রোনটি দেশের প্রথম সম্পূর্ণ থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিনির্ভর কোয়াডপ্লেন ভিটল ড্রোন। এটি হেলিকপ্টারের মতো খাড়াভাবে উড্ডয়ন ও অবতরণ করতে পারবে। আকাশে ওঠার পর সাধারণ উড়োজাহাজের মতো সামনের দিকে চলাচল করতে সক্ষম হবে।

শিক্ষার্থীদের দেওয়া তথ্য অনুযায়ী, ড্রোনটির পাখার বিস্তার ১ হাজার ৩৪০ মিলিমিটার এবং দৈর্ঘ্য ৯৯০ মিলিমিটার। কার্বন ফাইবার ও বিশেষায়িত থ্রিডি প্রিন্টিং উপকরণ দিয়ে এটি তৈরি করা হচ্ছে। ড্রোনটির পরিকল্পিত সর্বোচ্চ মালামাল বহনক্ষমতা ১৫ কেজি। এটি ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিতে উড়তে পারবে।

ড্রোনটিতে পিক্সহক ৬সি ফ্লাইট কন্ট্রোলার, রাস্পবেরি পাই কম্পিউটার, জিপিএস ও টেলিমেট্রি ব্যবস্থা ব্যবহারের পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের দাবি, এসব প্রযুক্তির সমন্বয়ে ড্রোনটি দূরনিয়ন্ত্রণ যন্ত্র ছাড়াই সফটওয়্যারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে পারবে। সেখানে মালামাল সরবরাহ শেষে স্বয়ংক্রিয়ভাবে ফিরে আসার সক্ষমতাও থাকবে।

দলনেতা রাশিদ আবরার আজমাইন বলেন, ‘আমাদের লক্ষ্য এমন একটি ড্রোন তৈরি করা, যা স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত মিশন সম্পন্ন করতে পারবে। ভবিষ্যতে এই প্রযুক্তি কৃষি, চিকিৎসা, দুর্যোগ ব্যবস্থাপনা ও পণ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

শিক্ষার্থীরা জানান, দেশীয় প্রযুক্তিতে তুলনামূলক কম খরচে ড্রোনটি উৎপাদন করা সম্ভব হলে দুর্গম এলাকায় জরুরি চিকিৎসাসামগ্রী পৌঁছানো, বন্যাদুর্গত এলাকায় ত্রাণ সরবরাহ, কৃষিকাজ এবং শহরাঞ্চলে দ্রুত পণ্য পরিবহনে এটি ব্যবহার করা যাবে।

ভবিষ্যতে স্থল, আকাশ ও পানিতে চলতে সক্ষম ‘ট্রাই-মোড মোবিলিটি ড্রোন’ তৈরির পরিকল্পনাও রয়েছে দলটির। পাশাপাশি চুয়েটে একটি স্থায়ী মনুষ্যবিহীন আকাশযান (ইউএভি) গবেষণা সেল প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছেন তাঁরা।

জেলা প্রশাসনের আর্থিক সহায়তা ও ভবিষ্যতে সহযোগিতার আশ্বাসের জন্য কৃতজ্ঞতা জানান দলনেতা রাশিদ আবরার আজমাইন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং টিম স্টারাপ্টরের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।