আফগানিস্তানের সীমান্ত এলাকায় আফগান তালেবান বাহিনীর একাধিক সেনা চৌকি ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। শুক্রবার (৩০ অক্টোবর) পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তান ও পারাচিনার এলাকা থেকে এসব হামলা চালানো হয়।
পাকিস্তানের সামরিক সূত্রের দাবি, গত বুধবার আফগান সেনারা কোনো উসকানি ছাড়াই আঙ্গুর আড্ডা সীমান্ত এলাকায় গুলিবর্ষণ করে। এর জবাবে শুক্রবার আফগান বাহিনীর অবস্থান ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তানি সেনারা।
পাকিস্তানি সেনা সূত্র আরও দাবি করেছে, হামলার সময় আফগান সেনারা নিজেদের অবস্থান ছেড়ে পালিয়ে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন আফগান সেনা হতাহত হয়েছেন। তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।
এর আগে গত বুধবার আঙ্গুর আড্ডা বাজার এলাকায় আফগান সেনাদের গুলিবর্ষণে একজন নিহত এবং একই পরিবারের বেশ কয়েকজন আহত হন বলে জানিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ। ওই ঘটনার পরপরই পাকিস্তান পাল্টা হামলা চালায়।
দক্ষিণ ওয়াজিরিস্তানের ডেপুটি কমিশনারের দাবি, কোনো ধরনের উসকানি ছাড়াই আফগান সেনারা আঙ্গুর আড্ডা বাজারে গুলি চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
এদিকে, সীমান্ত এলাকায় কয়েক দিন ধরে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পাল্টাপাল্টি হামলার ঘটনায় পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। নতুন করে এই সংঘর্ষ দুই দেশের সীমান্ত পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।