কক্সবাজারের উখিয়ার ইনানীতে ভূগর্ভ থেকে নির্গত গ্যাসের আগুনের ঘটনায় জননিরাপত্তা নিশ্চিত করতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আগুনের উৎসস্থলের চারপাশের ২০০ মিটার এলাকায় সাধারণ মানুষের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তার স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
প্রশাসনের আদেশ সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর সকাল ৭টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছোট ইনানী খালব্রিজসংলগ্ন একটি বাড়িতে নলকূপ স্থাপনের কাজ চলছিল। এ সময় মাটির প্রায় এক হাজার ফুট গভীরে পাইপ প্রবেশ করানোর সময় ভূগর্ভ থেকে গ্যাস নির্গত হয়ে আগুনের সূত্রপাত হয়। পরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ঘটনাস্থলে প্রাকৃতিক গ্যাসের মজুত থাকার সম্ভাবনা দেখা দেওয়ায় বাংলাদেশ পেট্রোলিয়াম অনুসন্ধান ও উৎপাদন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) একটি কারিগরি দল স্থানটি পরিদর্শন ও পর্যবেক্ষণ করে। এ সময় দলটি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দেয়।
আদেশে বলা হয়, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় আগুনের উৎসস্থল ও আশপাশের এলাকাকে বিভিন্ন নিরাপত্তা জোনে ভাগ করে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।
এর পরিপ্রেক্ষিতে আগুনের উৎসস্থল ও আশপাশের এলাকায় আগুন জ্বালানো, ধূমপান, দিয়াশলাই ও লাইটার ব্যবহারসহ যেকোনো ধরনের স্ফুলিঙ্গ সৃষ্টিকারী কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে উৎসস্থলের আনুমানিক ২০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ ও অবস্থানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ১৪৪ ধারার আদেশ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ তথ্য জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) আবু আব্দুল্লাহ।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।