ঢাকার সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। বুধবার সকালে আশুলিয়ার বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করে সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ও আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, সকালে শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা বের হয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।
অন্যদিকে, আশুলিয়ার কুমকুমারি এলাকায় একটি পোশাক কারখানার সামনে বহিরাগত একটি দল বিক্ষোভ করে। এ সময় তারা চারাবাগ-আক্রাইন আঞ্চলিক সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে।
এ ছাড়া সকালে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সড়কে জড়ো হন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে দেন।
শ্রমিক অসন্তোষের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হেমায়েতপুরের ২৭টি এবং আশুলিয়ার অন্তত অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে।
সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, সকালে হেমায়েতপুরে শ্রমিকরা জড়ো হয়েছিলেন। পরে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দুপুরে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, সকালে জামগড়া এলাকায় শ্রমিকরা জড়ো হয়ে সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেছিলেন। তবে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া কুমকুমারি এলাকায় বহিরাগতরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে টিয়ারশেল নিক্ষেপ করে তাদের নিবৃত্ত করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এসআই/
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।