দক্ষিণ পূর্ব

এনসিটির পর সিসিটিও বিদেশি অপারেটরকে দেওয়ার প্রক্রিয়া শুরু

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২ অক্টোবর ২০২৬ ১১:৪৩ দুপুর
পঠিত : ২৪
এনসিটির পর সিসিটিও বিদেশি অপারেটরকে দেওয়ার প্রক্রিয়া শুরু

ছবি সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার জন্য আন্তর্জাতিক অপারেটর নিয়োগের নীতিগত অনুমোদনের পর এবার চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার দায়িত্বও বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

সিসিটি পরিচালনার জন্য সৌদি আরবভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালকে (আরএসজিটিআই) নিয়োগের প্রক্রিয়া শুরু করতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে (সিপিএ) নির্দেশ দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

গত ২৮ সেপ্টেম্বর এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফারজানা হোসেন স্বাক্ষরিত চিঠিতে সিসিটির অপারেটর হিসেবে আরএসজিটিআইকে নিয়োগের পত্র প্রক্রিয়াকরণের জন্য ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যানকে অনুরোধ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে চট্টগ্রাম বন্দরের দুটি প্রকল্প—চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) ও জেনারেল কার্গো বার্থ এবং দ্য বে পোর্ট-মাল্টিপারপাস টার্মিনাল বাস্তবায়নে আরএসজিটিআই আগ্রহপত্র দিয়েছে।

এর পরিপ্রেক্ষিতে সিসিটির অপারেটর হিসেবে আরএসজিটিআইকে নিয়োগের পত্র প্রক্রিয়াকরণের জন্য ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়।

এ নির্দেশনা প্রকাশ্যে আসে সরকারের পক্ষ থেকে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড (ওসিওয়াই) পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য একটি আন্তর্জাতিক অপারেটরকে ১৫ বছরের জন্য নিয়োগের বিষয়ে নীতিগত অনুমোদনের এক দিন পর।

ফলে এনসিটির পর সিসিটির পরিচালনাও আন্তর্জাতিক অপারেটরের হাতে দেওয়ার প্রক্রিয়া এগোচ্ছে। এতে চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ দুটি কনটেইনার টার্মিনালের পরিচালনা কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।

আর / দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।