দক্ষিণ পূর্ব

এনসিটি ইজারা চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে গণঅনশন

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ০৮:০৬ সকাল
পঠিত : ৩৯
এনসিটি ইজারা চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে গণঅনশন

ছবি সংগৃহীত

Degchibarictg

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ১৫ বছরের জন্য ইজারা দেওয়ার সিদ্ধান্ত ও চুক্তি স্বাক্ষরের প্রতিবাদে গণঅনশন ও বিক্ষোভ করছেন বন্দরের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। চুক্তি বাতিলের দাবিতে সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টা থেকে নগরের কাস্টমস ভবনের বিপরীতে এ কর্মসূচি শুরু হয়। 

‘বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’ এবং ‘জাতীয়তাবাদী বন্দর রক্ষা কমিটি ও শ্রমিক দল’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বন্দর রক্ষা কমিটির নেতৃবৃন্দ, শ্রমিক নেতা ও সাধারণ কর্মচারীরা অংশ নেন।

সংগ্রাম পরিষদের নেতারা জানান, গত ৮ অক্টোবর জনমত উপেক্ষা করে এবং বন্দর ব্যবহারকারী ও শ্রমিকদের সঙ্গে আলোচনা ছাড়াই ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়ার পর বন্দরে অসন্তোষ দেখা দেয়। এর ধারাবাহিকতায় চুক্তি বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন শ্রমিক-কর্মচারীরা।

গণঅনশনে বক্তব্য দিতে গিয়ে শ্রমিক নেতারা অভিযোগ করেন, দেশের প্রধান বাণিজ্যিক প্রবেশদ্বার বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত অর্থনীতি, ভৌগোলিক নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য ঝুঁকিপূর্ণ। সরকার বন্দর আধুনিকায়ন ও দুর্নীতিমুক্ত পরিচালনার কথা বললেও এ চুক্তির মাধ্যমে বিদেশি গোষ্ঠীর স্বার্থ রক্ষার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি ইজারা দেওয়ার পর বন্দরে কর্মরত দুই শতাধিক কর্মচারীর কাজের ধরন ও চাকরির ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে চুক্তিতে সুস্পষ্ট নীতিমালা নেই। তাঁদের অভিযোগ, যেসব শ্রমিকের শ্রমে চট্টগ্রাম বন্দর আজকের অবস্থানে এসেছে, তাঁদের জীবিকার নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করা হচ্ছে।

আন্দোলনকারীদের দাবি, চট্টগ্রাম বন্দরের মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা কোনো অবস্থাতেই বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়া যাবে না। দীর্ঘমেয়াদে কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানকে পরিচালনার দায়িত্ব না দিয়ে বর্তমান কাঠামো অথবা দক্ষ দেশীয় ব্যবস্থাপনার মাধ্যমে বন্দর পরিচালনার আহ্বান জানান তাঁরা। 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।