গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ সুমন (৩১) ও মোহাম্মদ আকাশ (২১)। তারা দুজনই কর্ণফুলী থানার চরলক্ষ্যা এলাকার আব্দুছ ছমদের ছেলে।
এসআরবি-৭ সূত্রে জানা গেছে, নিহত নুরুল আবছারও একই এলাকার বাসিন্দা। তিনি আব্দুর রহিমের ছেলে। প্রায় দুই মাস আগে পারিবারিক কলহের জেরে তার স্ত্রী নাজমা আক্তার বাবার বাড়িতে চলে যান। তখন তাদের ১৪ মাস বয়সী সন্তান আব্দুল্লাহ ছিল আবছারের বাবা আব্দুর রহিমের কাছে।
পরবর্তী সময়ে শিশুটিকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছে দুই লাখ টাকায় বিক্রির ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ আরও বাড়ে।
এরই মধ্যে গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে মোবাইল ফোনে কল করে আবছারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
পরদিন ১১ নভেম্বর বিকেল ৫টার দিকে চরলক্ষ্যা হিন্দুপাড়া এলাকায় একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় তার হাত বাঁধা ছিল।
এসআরবি-৭-এর দাবি, পূর্বপরিকল্পিতভাবে আবছারকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ১১ নভেম্বর কর্ণফুলী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। মামলাটি দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় করা হয়। এর নম্বর ১৮।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর এসআরবি-৭ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সুমন ও আকাশের অবস্থান শনাক্ত করা হয়। পরে ১৭ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে সৈন্যেরটেক ও বোর্ড বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৭। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।