যুক্তি, বাগ্মিতা ও মেধার লড়াইয়ে কর্ণফুলী উপজেলা বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন হয়েছে দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে আজিম-হাকিম স্কুল অ্যান্ড কলেজ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) কর্ণফুলী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় বিতর্ক উৎসবের চূড়ান্ত পর্ব। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের কৌশলগত অংশীদারত্বে এ উৎসবের আয়োজন করা হয়।
প্রতিযোগিতা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, যুক্তিবোধ ও মুক্তবুদ্ধির চর্চা তরুণ প্রজন্মকে গুজব, অপতথ্য ও অন্ধ অনুকরণের সংস্কৃতি থেকে দূরে রাখে। বিতর্ক উৎসবে কর্ণফুলীর শিক্ষার্থীরা যে মেধা ও প্রজ্ঞার পরিচয় দিয়েছে, তা একটি আলোকিত ও মেধাভিত্তিক সমাজ গঠনের স্বপ্ন দেখায়। এ ধরনের সৃজনশীল উদ্যোগ গ্রহণের জন্য তিনি উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলাম। তিনি বলেন, উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে এ বিতর্ক উৎসব আয়োজন করা সম্ভব হয়েছে। এখান থেকে তৈরি হওয়া বিতার্কিকেরা ভবিষ্যতে জেলা ও জাতীয় পর্যায়ে কর্ণফুলীর সুনাম বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান ও উৎসবের মডারেটর সাইফুদ্দীন মুন্না, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ইয়াসির সিলমী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা আকতার এবং প্রতিদ্বন্দ্বী দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা।
আয়োজক সূত্রে জানা যায়, উৎসবের অংশ হিসেবে প্রথমে উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচিত শিক্ষার্থী ও প্রতিনিধি শিক্ষকদের নিয়ে দিনব্যাপী বিতর্কবিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। পরে ২৪টি বিদ্যালয়ের অংশগ্রহণে নকআউট ও বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। কয়েকটি ধাপ পেরিয়ে ফাইনালে জায়গা করে নেয় দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও আজিম-হাকিম স্কুল অ্যান্ড কলেজ।
চূড়ান্ত পর্বে দুই দলের বিতার্কিকদের যুক্তি ও পাল্টা যুক্তিতে প্রাণবন্ত হয়ে ওঠে প্রতিযোগিতা। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারীন সুবাহ।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।