রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে নেমে স্রোতের টানে তলিয়ে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী সাজিদ শাহারিয়ার সানাম (২৪)-এর মরদেহ তিন ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে উপজেলার সীতার ঘাটের পাথরঘাটা এলাকায় কর্ণফুলী নদীতে তলিয়ে যান সানাম। পরে বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাজিদ শাহারিয়ার সানাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক শেষবর্ষের শিক্ষার্থী। তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নাছির উদ্দীনের ছেলে।
জানা গেছে, নরসিংদী ও ঢাকা থেকে আসা নয়জনের একটি পর্যটক দল রোববার সকাল ১০টার দিকে কাপ্তাইয়ে পৌঁছায়। পরে স্থানীয় গাইডের সঙ্গে তারা সীতার পাহাড়ে ট্র্যাকিংয়ে যান। ট্র্যাকিং শেষে পাহাড় থেকে নেমে সীতার ঘাটের পাথরঘাটা এলাকায় কর্ণফুলী নদীতে হাত-মুখ ধোয়ার জন্য নামেন তাঁরা।
দুপুর ১টা ৪০ মিনিটের দিকে নদীর স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যান সানাম। খবর পেয়ে কাপ্তাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে নৌবাহিনীর ডুবুরি দলও অভিযানে যুক্ত হয়।প্রায় তিন ঘণ্টার অভিযানের পর বিকেল ৪টা ৪০ মিনিটে সানামের মরদেহ উদ্ধার করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) জিএস সাঈদ বিন হাবিব বলেন, সানমকে উদ্ধারে সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট এবং স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সবাই সমন্বিতভাবে উদ্ধার কার্যক্রমে অংশ নেন।
তিনি আরও জানান, সানমের বাবা বিমানে করে রোববার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামে পৌঁছাবেন
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে নৌবাহিনীর ডুবুরি দলও অভিযানে যোগ দেয়। প্রায় তিন ঘণ্টার অভিযানের পর বিকেল ৪টা ৪০ মিনিটে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
আর/ দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।