দক্ষিণ পূর্ব

কালুরঘাট শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, বসছে ফেস ডিটেকশন সিসি ক্যামেরা

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৪ অক্টোবর ২০২৬ ০৩:০৪ রাত
পঠিত : ২৭
কালুরঘাট শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, বসছে ফেস ডিটেকশন সিসি ক্যামেরা

চট্টগ্রামের কালুরঘাট ভারী শিল্পাঞ্চলে চাঁদাবাজি, চুরি-ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে পুরো শিল্পাঞ্চলকে ফেস ডিটেকশন প্রযুক্তিসহ সিসি ক্যামেরার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে শিল্প পুলিশ। পাশাপাশি সেখানে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন এবং সার্বক্ষণিক আনসার সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে।

শিল্পাঞ্চলের সড়কের ওপর থাকা অস্থায়ী ও অবৈধ দোকানপাটও উচ্ছেদ করা হবে বলে জানা গেছে। সিসি ক্যামেরা স্থাপনের ব্যয় বহন করবেন সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের মালিকরা।

কালুরঘাট শিল্পাঞ্চলে চাঁদাবাজি ও চুরির অভিযোগ দীর্ঘদিনের। স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের অভিযোগ, বিভিন্ন গ্রুপ ও উপগ্রুপের নামে কারখানাগুলো থেকে চাঁদা দাবি করা হচ্ছে। একই সঙ্গে উৎপাদন বন্ধ কিংবা পরিত্যক্ত কারখানার যন্ত্রপাতি, মেশিনারিজ ও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরির ঘটনাও ঘটছে। কখনো কখনো কারখানার নিরাপত্তাকর্মীদের আটকে রেখে মালামাল নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে।

এ শিল্পাঞ্চলে পোশাক, প্যাকেজিং, সিমেন্ট, গ্লাস ও কেবলসহ বিভিন্ন ধরনের শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভারের কারখানাও রয়েছে এখানে। সংশ্লিষ্টদের মতে, শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করা না গেলে বিনিয়োগ ও শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

সম্প্রতি কালুরঘাট শিল্পাঞ্চলে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও কারখানা লক্ষ্য করে গুলিবর্ষণের একটি ঘটনা নিয়েও ব্যাপক আলোচনা হয়। গত ২১ জুনের ওই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফুটেজে এক যুবককে অস্ত্র হাতে কারখানার দিকে গুলি করতে দেখা যায় বলে সংশ্লিষ্টরা জানান।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার কালুরঘাট বিসিক শিল্পনগরীতে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিসিক শিল্পনগরীর মোস্তফা গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন শিল্প পুলিশ-৩, চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম।

সভায় শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ফেস ডিটেকশন সিসি ক্যামেরা স্থাপন, পুলিশ ক্যাম্প চালু, আনসার সদস্য মোতায়েন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদসহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

শিল্প পুলিশ-৩, চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, “কালুরঘাট শিল্প এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকাকে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। জায়গা বরাদ্দ পাওয়া গেলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অস্থায়ী ক্যাম্পও চালু করা হবে।”

আর /দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।