দক্ষিণ পূর্ব

কোনো শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে, বাড়ি বাড়ি গিয়ে শনাক্তের নির্দেশ প্রশাসক ডা. শাহাদাতের

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬ ০৫:৫০ সকাল
পঠিত : ৪৬
কোনো শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে, বাড়ি বাড়ি গিয়ে শনাক্তের নির্দেশ প্রশাসক ডা. শাহাদাতের

ছবি

হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কার্যক্রম আরও জোরদার করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। টিকা থেকে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে টিকার আওতায় আনতে নগরজুড়ে বিশেষ ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করছে সংস্থাটির স্বাস্থ্য বিভাগ। এ কার্যক্রমে কোনো শিশু যেন বাদ না পড়ে, তা নিশ্চিত করতে বাড়ি বাড়ি গিয়ে শিশু শনাক্তের নির্দেশ দিয়েছেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নগরীর এনায়েত বাজারে জেলা স্টেডিয়ামের বিপরীতে তুলাতলি বস্তি মাঠে হাম-রুবেলা ক্যাচ-আপ টিকাদান কার্যক্রমের বিশেষ ক্রাশ প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, শিশুদের সুস্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে টিকাদানের কোনো বিকল্প নেই। হাম একটি সংক্রামক রোগ। এটি শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তাই কোনো শিশু যাতে টিকাদান কর্মসূচির বাইরে না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। বাড়ি বাড়ি গিয়ে টিকা না পাওয়া শিশুদের শনাক্ত করে টিকার আওতায় আনতে হবে। পাশাপাশি অভিভাবকদেরও এ বিষয়ে সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা রাখতে হবে।

তিনি জানান, চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় গত ২০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত পরিচালিত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনে ৩ লাখ ২৩ হাজার ২১৯ শিশুকে টিকা দেওয়া হয়েছে। পরবর্তীতে গত ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ক্যাচ-আপ কার্যক্রমে আরও ৪০ হাজার ১৫ শিশুকে টিকা দেওয়া হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত মোট ৩ লাখ ৬৪ হাজার ১৫৪ শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে।

প্রশাসক বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী টিকা থেকে বাদ পড়া শিশুদের বাড়ি বাড়ি গিয়ে শনাক্ত ও তালিকাভুক্ত করা হচ্ছে। লক্ষ্যমাত্রা অর্জনে অতিরিক্ত ও বিশেষ টিকাদান সেশনেরও ব্যবস্থা করা হয়েছে। চসিকের ৪১টি ওয়ার্ডে সাতটি ইপিআই জোনের মাধ্যমে নিয়মিত টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও জানান, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী যেসব শিশু এখনো হাম-রুবেলার ক্যাচ-আপ টিকা পায়নি, তাদের এ কার্যক্রমের আওতায় আনা হচ্ছে। নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় ৯ মাস ও ১৫ মাস বয়সে হাম-রুবেলার টিকা নেওয়া শিশুরাও ক্যাম্পেইনের নির্ধারিত ডোজ থেকে বাদ পড়ে থাকলে তাদের অতিরিক্ত এক ডোজ টিকা নিতে হবে। তবে আগের ডোজ ও ক্যাম্পেইনের ডোজের মধ্যে ন্যূনতম ২৮ দিনের ব্যবধান নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বী, চসিকের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানা, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান, ইউনিসেফের হেলথ অফিসার ডা. দেলোয়ার হোসেন, ন্যাশনাল ইপিআই আরবান স্পেশালিস্ট ডা. সরোয়ার আলম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিভিশনাল কো-অর্ডিনেটর ডা. ইমং প্রু চৌধুরী এবং এসআইএমও ডা. খাদিজা আহমেদ।

এ সময় চসিকের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, জনসংযোগ কর্মকর্তা, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা, জোনাল মেডিকেল অফিসারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে স্বাস্থ্য অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়, চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ইউনিসেফের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রশাসক।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।