অভিযান চলাকালে সাইকেল চালিয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কাজী মো. তারেক আজিজের গাড়ির পাশ দিয়ে চলে গেছেন, কিন্তু পুলিশ তাঁকে চিনতে পারেনি—এমন দাবি করেছেন পুলিশের তালিকাভুক্ত পলাতক শীর্ষ সন্ত্রাসী রায়হান আলম। এএসপির সঙ্গে রায়হানের ফোনালাপের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বুধবার রায়হানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে অডিওটি শেয়ার করা হয়। এতে পুলিশের চোখ ফাঁকি দেওয়া, আত্মগোপনে থাকা এবং আত্মসমর্পণের বিষয়ে দুজনের কথোপকথন শোনা যায়।
অডিওতে রায়হানকে বলতে শোনা যায়, ‘আপনারে দেখলাম তো। আপনার গাড়ির পাশ দিয়া আমি তো সাইকেল চালায়া চলে গেছি। আপনি আমারে চিনেন নাই।’ একপর্যায়ে হাস্যরসের ছলে তিনি বলেন, ‘আপনি আমাকে বাটি কালো খাটো বলছেন, আমার ঘরের বউ ভ্যাটকাচ্ছে। আমি ক্রিম মেখে সুন্দর হয়ে গেছি। আপনার পাশ দিয়ে সাইকেল চালিয়ে চলে গেছি।’
তবে রায়হানের এই দাবি নাকচ করে এএসপি তারেক আজিজ বলেন, ‘আমাদের পাশ দিয়ে চলে যাওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। অভিযানের সময় কোনো সাইকেল বা প্রাইভেট কার আসা-যাওয়া করেনি। আশপাশে আমাদের অতিরিক্ত ফোর্স মোতায়েন ছিল। এটা কোনোভাবে সম্ভব নয়।’
তিনি জানান, রায়হানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তাঁকে আত্মসমর্পণ করানোর চেষ্টাও চলছে। এএসপির ভাষ্য, ফটিকছড়িতে গুলির ঘটনার আগে থেকেই ওই এলাকায় রায়হানের অবস্থানের খবর পেয়ে দুই দিন অভিযান চালানো হয়েছিল। তবে তিনি পালিয়ে যান।
ফোনালাপে রায়হান দাবি করেন, তিনি ফটিকছড়ির বাইরে আছেন এবং পুলিশ তাঁকে খুঁজে পাবে না। তিনি মাজার জিয়ারত করতে যাওয়ার কথাও বলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, মাজার থেকে ফেরার পথে সড়কে গাছ ফেলে তাঁকে আটকের চেষ্টা করা হয়েছিল। এ সময় নিজের গলায় জোঁক ধরার কথাও বলেন তিনি।
কথোপকথনের একপর্যায়ে এএসপি তারেক আজিজ তাঁকে আত্মসমর্পণের আহ্বান জানান। তিনি বলেন, ‘আপনি আমার কাছে ধরা দেন, সমস্যা নাই।’ আরও বলেন, ‘আমি আপনারে নিরাপদে ব্যবস্থা করবো।’ আত্মসমর্পণ করলে নিরাপত্তা দেওয়া হবে জানিয়ে তিনি রায়হানকে বলেন, ওই দিন আত্মসমর্পণ করলে তাঁর জন্য ‘বিশেষ অফার’ রয়েছে।
এএসপি আরও বলেন, রায়হান যতটুকু অপরাধের সঙ্গে জড়িত, শুধু ততটুকুর জন্যই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘যে মামলাগুলো আছে শুধু এর বাইরে আর কোনো মামলা হবে না, কথা দিলাম।’
জবাবে রায়হান বলেন, ‘আজকে তো সম্ভব না ভাই।’ তবে ভালো হয়ে যেতে চান বলেও জানান তিনি। আত্মসমর্পণের বিষয়ে তাঁর ভাষ্য, ‘ইনশাআল্লাহ ভাই, ধরেন আমি ভবিষ্যতে আত্মসমর্পণ করবো।’
রায়হান দাবি করেন, এর আগেও তিনি আত্মসমর্পণের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু বিষয়টি ফাঁস হয়ে যাওয়ায় তা আর সম্ভব হয়নি। রাজনৈতিক প্রতিহিংসার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘বিএনপি আসলে বিএনপি মামলা দেবে, আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ মামলা দেবে। আমি যামু কই? আমি তো মানুষ।’ এ সময় আট থেকে দশ বছর আটক থাকার আশঙ্কার কথাও বলেন তিনি।
ফোনালাপে রায়হান ৫০ হাজার টাকা দিয়ে অ্যাপস কেনার প্রসঙ্গ তোলেন। এ সময় এএসপি তারেক আজিজকে ‘মাসুদ স্যারকে আমার সালাম বলিয়েন’ বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে এএসপি তাঁকে কাঞ্চননগরে আবছারকে গুলি করার ঘটনায় জড়িত ব্যক্তিদের আত্মসমর্পণ করানোর বিষয়ে কথা বলেন। জবাবে রায়হান বলেন, ‘বেইমানি করতে পারব না।’
গত সোমবার রাতে ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের চুরখাঁরহাট এলাকায় গোলাগুলির ঘটনায় কয়েকজন আহত হন। পুলিশের ভাষ্য, ওই এলাকায় রায়হানের অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হচ্ছিল। স্থানীয় লোকজন তাঁকে চিনে ফেলে পুলিশের গাড়ি আটকানোর চেষ্টা করলে তাঁর সহযোগীরা গুলি ছুড়ে পালিয়ে যান।
তবে ফোনালাপে রায়হান দাবি করেন, তিনি মাজার জিয়ারতে যাচ্ছিলেন। সেখানে হঠাৎ কী ঘটেছিল, তা তিনি বুঝতে পারেননি। আহত ব্যক্তিদের অবস্থার কথাও জানতে চান তিনি। পরদিন মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক পোস্টে রায়হান গুলি চালানোর কথা স্বীকার করেন। তবে আত্মরক্ষার জন্য গুলি চালাতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন। আহত ব্যক্তিদের চিকিৎসায় আর্থিক সহায়তার প্রস্তাবও দেন তিনি।
পুলিশের নথি অনুযায়ী, রায়হান আলম চট্টগ্রাম নগর ও জেলা পুলিশের তালিকাভুক্ত পলাতক শীর্ষ সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। বিভিন্ন গণমাধ্যমে পুলিশ কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, তিনি বিদেশে পলাতক সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত।
গত ২৯ জুলাই রাতে ডেভিড ইমনকে গ্রেপ্তারের অভিযানের সময় নোয়াখালীতে একটি বাসার ছাদ থেকে লাফ দিয়ে রায়হান পালিয়ে যান বলে পুলিশের ভাষ্য। পুলিশি নথি ও গণমাধ্যমের প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে অন্তত ১৫টি মামলার কথা উল্লেখ করা হয়েছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।