চট্টগ্রাম নগরের খুলশী থানার জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা ওই এলাকার কিশোর গ্যাং নেতা ওয়াকিল হোসেন বগার সহযোগী।
শনিবার (৩ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. আবদুল হান্নান, মো. মনির হোসেন ওরফে ইমন এবং সাবিহা বেগম। পুলিশ জানিয়েছে, আবদুল হান্নান ও মনির হোসেনের বিরুদ্ধে পাঁচ থেকে ছয়টি করে মামলা রয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক (বহিষ্কৃত) ওয়াকিল হোসেন বগা একাধিক কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রণ করেন। তাঁর বিরুদ্ধে অন্তত ১৬টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্প্রতি ওয়াকিলের নিয়ন্ত্রণাধীন ‘সেভেন স্টার’ গ্রুপের সঙ্গে প্রতিপক্ষ ‘ফাইভ স্টার’ গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে মোহাম্মদ হৃদয় নামে এক কিশোর নিহত হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোর গ্যাং নেতা ওয়াকিল হোসেনের তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হবে।
দক্ষিণপূর্ব/এসএস
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।