তিনি বলেন, ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রম তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিযোগিতামূলক খেলাধুলার মাধ্যমে তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সম্প্রীতি ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় নগরের দামপাড়া পুলিশ লাইন্স মাঠে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত এ লীগের উদ্বোধন করেন সিএমপি কমিশনার।
হাসান মো. শওকত আলী বলেন, অনূর্ধ্ব-১৮ পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতামূলক ক্রিকেট আয়োজনের মাধ্যমে ভবিষ্যতের প্রতিভাবান ক্রিকেটার তৈরি হবে। একই সঙ্গে জাতীয় পর্যায়ে চট্টগ্রামের খেলোয়াড়দের প্রতিনিধিত্ব করার সুযোগও সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে খেলাধুলার পরিসর বাড়ানো প্রয়োজন। এর মাধ্যমে তাদের সুস্থ মানসিকতা ও দায়িত্ববোধ গড়ে উঠবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দি ডেইলি পিপলস ভিউয়ের সম্পাদক ও প্রকাশক এবং প্রয়াত রাফির পিতা ওসমান গণি মনসুর।
এ সময় সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলামসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।