দক্ষিণ পূর্ব

‘খেলার মাঠ ফিরছে নগরে, আগামী মাসে খুলবে জাম্বুরি মাঠ’

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ০১:২৮ দুপুর
পঠিত : ৩৩
‘খেলার মাঠ ফিরছে নগরে, আগামী মাসে খুলবে জাম্বুরি মাঠ’

জাম্বুরি পার্ক

নিজস্ব প্রতিবেদক : 

চট্টগ্রাম নগরের প্রতিটি ওয়ার্ডে শিশু-কিশোরদের জন্য খেলার মা ও পার্ক গড়ে তোলার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

রোববার (২০ সেপ্টেম্বর) আগ্রাবাদ জাম্বুরি পার্ক মাঠের উন্নয়নকাজ পরিদর্শন শেষে মেয়র বলেন, ‘আমি ওয়াদা দিয়েছিলাম ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ ও পার্ক করে দেব। সেই ওয়াদা বাস্তবায়নে বন্ধ হয়ে যাওয়া আগ্রাবাদের শিশু পার্ক নতুনভাবে চালু করেছি।’

মেয়র জানান, জাম্বুরি মাঠের একটি অংশ ইতোমধ্যে খেলাধুলার উপযোগী করে প্রস্তুত করা হয়েছে। মাঠের সামান্য কিছু কাজ বাকি রয়েছে। আগামী মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে মাঠটি খেলার জন্য উন্মুক্ত করে দেওয়ার আশা প্রকাশ করেন তিনি।

দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনার কারণে জাম্বুরি পার্কের মাঠটি শিশু-কিশোরদের খেলাধুলার জন্য প্রায় অনুপযোগী হয়ে পড়েছিল উল্লেখ করে ডা. শাহাদাত হোসেন বলেন, নগরবাসীর প্রত্যাশা পূরণে মাঠটির পুনর্গঠন ও আধুনিকায়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, একসময় মাঠটি কার্যত বন্ধ ছিল। উদ্যোগ নিয়ে সেটি পুনরুদ্ধার করা হয়েছে। চসিকের আওতাধীন এ মাঠটি পুনরায় নগরবাসীর জন্য উন্মুক্ত করা হচ্ছে। শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ ও বিভিন্ন বয়সী মানুষ এখানে খেলাধুলা ও শরীরচর্চার সুযোগ পাবেন।

মাঠের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়েও পরিকল্পনার কথা জানান মেয়র। তিনি বলেন, মাঠটি সুরক্ষিত রাখতে সার্বক্ষণিক নিরাপত্তাকর্মী ও আলোকায়নের ব্যবস্থা করা হবে। পাশাপাশি ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি পরিচালনা কমিটি গঠন করা হবে। কমিটি মাঠের রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা নিশ্চিত করবে।

চসিক মেয়র আরও বলেন, দায়িত্ব নেওয়ার পর হালিশহর এইচ ব্লক মাঠ, হালিশহর বহুরূপী মাঠ, ফিরোজশাহ মাঠ, হালিশহর এস ব্লক মাঠ ও হালিশহর বিডিআর মাঠসহ বেশ কয়েকটি মাঠ উন্নয়ন ও প্রস্তুত করা হয়েছে। বর্তমানে হালিশহর শিশু পার্ক মাঠ ও হাজী মোহাম্মদ মহসীন কলেজ মাঠের উন্নয়নকাজ চলছে।

এ ছাড়া নগরের ক্রীড়া অবকাঠামো বাড়াতে ৪৯ কোটি টাকা ব্যয়ে ২০টি ফুটসাল নির্মাণের জন্য ‘চট্টগ্রাম মহানগরে আধুনিক নগর ক্রীড়া সুবিধা সম্প্রসারণ ও ফুটসাল মাঠ নির্মাণ’ শীর্ষক একটি প্রকল্প নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মেয়র বলেন, মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ দেহ ও সুস্থ মন গঠনে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়ানো জরুরি। এ কারণে প্রতিটি ওয়ার্ডে নিরাপদ ও মানসম্মত খেলার মাঠ নিশ্চিত করতে চসিক ধারাবাহিকভাবে কাজ করছে।

এ সময় চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।