চট্টগ্রামের পতেঙ্গায় আট বছরের শিশু সোহাগকে বলাৎকারের পর হত্যার দায়ে মো. ইমন নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত-১-এর অতিরিক্ত দায়রা জজ নিষ্কৃতি হাগিদক এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৮ মার্চ বিকেলে নিখোঁজ হয় শিশু সোহাগ। ওই দিন সন্ধ্যায় পতেঙ্গা মডেল থানার খালপাড় চেয়ারম্যান গলির একটি পরিত্যক্ত ভাড়া ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, বরই খাওয়ানোর প্রলোভন দেখিয়ে সোহাগকে ওই ঘরে নিয়ে বলাৎকার করেন ইমন। পরে শিশুটি ঘটনাটি সবাইকে জানিয়ে দেওয়ার কথা বললে তার মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করেন আসামি। এ ঘটনায় নিহত শিশুর বাবা মো. ফারুক হোসেন ভূঁইয়া পতেঙ্গা থানায় হত্যা মামলা করেন। ঘটনার সময় আসামি ইমনের বয়স ছিল ২০ বছর। মামলায় মোট ১২ জন সাক্ষ্য দিয়েছেন। আসামি ইমন পলাতক থাকায় আদালত রাষ্ট্রের পক্ষ থেকে তার জন্য আইনজীবী নিয়োগ দেন। বিচারিক কার্যক্রম শেষে আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।