দক্ষিণ পূর্ব

গণঅভ্যুত্থানে পটিয়া মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের অবদান ছিল গুরুত্বপূর্ণ: ধর্মপ্রতিমন্ত্রী

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬ ০১:০৭ দুপুর
পঠিত : ৪৮
গণঅভ্যুত্থানে পটিয়া মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের অবদান ছিল গুরুত্বপূর্ণ: ধর্মপ্রতিমন্ত্রী

ছবি

মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার ছাত্র-শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন ধর্মপ্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। তিনি বলেন, পটিয়া মাদ্রাসা কেবল একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, দেশের ইতিহাস ও নানা ত্যাগের সঙ্গেও প্রতিষ্ঠানটির গভীর সম্পর্ক রয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) চট্টগ্রামের ঐতিহ্যবাহী আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার ৮৭তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ধর্মপ্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি সংকটময় সময়ে পটিয়া মাদ্রাসার ছাত্র-শিক্ষকেরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। মহান মুক্তিযুদ্ধের সময় এ মাদ্রাসায় বোমাবর্ষণের ঘটনা ঘটে। এতে অনেকে শহীদ হন। একইভাবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও এ প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আন্দোলনে অংশ নিয়ে অনেকে দৃষ্টিশক্তিও হারিয়েছেন।

আলেম-ওলামাদের মর্যাদা ও কল্যাণে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে মোহাম্মদ শামীম কায়সার বলেন, ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং আলেম-ওলামাদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ন্যায়পরায়ণতা ও আদর্শের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার যে অঙ্গীকার প্রধানমন্ত্রী তারেক রহমান করেছেন, তা বাস্তবায়নে সরকার কাজ করছে।

তিনি জানান, বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের পরিকল্পনার অংশ হিসেবে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী ভাতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া অন্যান্য ধর্মের উপাসনালয়ের দায়িত্বে থাকা প্রতিনিধিদেরও সম্মানী দেওয়ার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।

ধর্মীয় ও সামাজিক কল্যাণে অতীতের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চালু করে। এসব উদ্যোগ দেশের ধর্মীয় ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এ সময় চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম, পটিয়ার সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগরসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন। 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।