চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক সদর দপ্তর গণশুনানির সুপারিশ অনুযায়ী উপযুক্ত স্থানে স্থাপনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও হরতালের মতো কর্মসূচি পালন করলেও এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
শুক্রবার (২০ নভেম্বর) উত্তর ফটিকছড়ির হেঁয়াকো এলাকায় ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উত্তর ফটিকছড়ির তিন ইউনিয়নের রাজনৈতিক দলের নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের প্রধান উপদেষ্টা ও শিল্পপতি রকিবুল হাসান চৌধুরী পিটু। বক্তব্য দেন গণঅধিকার পরিষদের চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক রবিউল হাসান তানজিম, উপজেলা বাস্তবায়ন কমিটির নেতা নুরুল আমিন আজাদ, ইকরামুল হক বাবুল, জসিম উদ্দিন, মোজাম্মেল হায়দার বাবু, বিএনপি নেতা আবুল খায়ের, এনসিপি নেতা শেখ জাহিদ, অ্যাডভোকেট ইউসুফ আলম মাসুদ, হেলাল মোহাম্মদ নুরী ও জামায়াত নেতা হাসান শামসুদ্দিনসহ অন্যরা।
বক্তারা বলেন, উত্তর ফটিকছড়ি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর কোথায় স্থাপন করা হবে, তা নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় মানুষের মতামত ও গণশুনানির সুপারিশকে গুরুত্ব দিতে হবে। এমন স্থানে সদর দপ্তর স্থাপন করা প্রয়োজন, যেখান থেকে তিন ইউনিয়নের মানুষ সহজে সরকারি সেবা নিতে পারবেন।
তাঁরা আরও বলেন, সম্প্রতি নিকারের সভায় দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে ক্ষেত্রে গণশুনানির সুপারিশ অনুসারে ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নির্ধারণেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া উচিত।
বক্তারা অভিযোগ করেন, যৌক্তিক ও জনবান্ধব স্থানে সদর দপ্তর স্থাপনের দাবিতে এর আগেও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কিন্তু এখনো বিষয়টির কোনো কার্যকর সমাধান হয়নি। এ অবস্থায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।
সমাবেশ থেকে গণশুনানির সুপারিশ বাস্তবায়ন এবং সদর দপ্তর নির্ধারণে জনমতের প্রতিফলন ঘটানোর দাবি জানানো হয়। একই সঙ্গে দ্রুত দাবি পূরণ না হলে আগামী সপ্তাহ থেকে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।