‘Used Car Parts’ ঘোষণার আড়ালে চট্টগ্রাম বন্দরে কাটা গাড়ি ও গাড়ির বিভিন্ন অংশ আমদানির ঘটনা শনাক্ত করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (CIID)। একটি সন্দেহভাজন পণ্যচালানের কায়িক পরীক্ষায় ঘোষণার সঙ্গে বড় ধরনের অসামঞ্জস্য পাওয়ার পর চালানটি জব্দ করে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) চালানটির কায়িক পরীক্ষা চালানো হয়। এতে Used Differential Assembly, Used Power Steering Assembly-সহ বিভিন্ন ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ ঘোষণা করা হলেও বাস্তবে পাওয়া যায় CKD অবস্থায় একটি BMW স্পোর্টস/রেসিং কার, একটি BMW 740i-এর সামনের অর্ধাংশ এবং পাঁচটি হাফ-কাট Isuzu ট্রাক।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান M/S Ayaz Auto International। প্রতিষ্ঠানের BIN নম্বর 004589005-0503। ঠিকানা 2747/B, পি.সি. রোড, গ্রিন ভিউ, সারাইপাড়া, হালিশহর, চট্টগ্রাম। চালানটির C&F Agent Amin (C&F) (Pvt.) Ltd., AIN 301043121। রপ্তানিকারক প্রতিষ্ঠান Arab Japan Used Cars and Spare Parts Co LLC, সংযুক্ত আরব আমিরাত।
কায়িক পরীক্ষায় প্রথমে CKD (Completely Knocked Down) অবস্থায় একটি BMW দুই আসনের স্পোর্টস/রেসিং কার পাওয়া যায়। প্রাথমিকভাবে গাড়িটির মডেল S Drive 23i, ইঞ্জিন ক্ষমতা প্রায় ২,৫০০ সিসি এবং মডেল ইয়ার ২০০৯ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে গাড়িটির সঠিক মডেল ইয়ার, chassis/VIN এবং আমদানির বৈধতা প্রয়োজনীয় নথি ও কারিগরি যাচাইয়ের পর নিশ্চিত করা হবে।
এ ছাড়া চালানটিতে একটি BMW 740i-এর সামনের অর্ধাংশ (Front Half/Half-Cut) পাওয়া যায়। প্রাথমিক তথ্য অনুযায়ী গাড়িটির মডেল ২০১৬ এবং ইঞ্জিন ক্ষমতা প্রায় ৩,০০০ সিসি। শুধু গাড়িটির সামনের অংশ চালানে থাকার বিষয়টি নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। এর বাকি অংশ অন্য কোনো চালানে আনা হয়েছে বা আনার চেষ্টা করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখছে কাস্টমস গোয়েন্দা।
চালানটিতে আরও পাওয়া যায় পাঁচটি Half-Cut Isuzu Truck। প্রতিটি ট্রাকের কেবিনের ভেতরে বিভিন্ন ধরনের গাড়ির যন্ত্রাংশ প্যাক করে রাখা হয়েছিল। এর পাশাপাশি আরও বেশ কিছু ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দারা বলছেন, ঘোষিত পণ্য এবং কায়িক পরীক্ষায় পাওয়া পণ্যের ধরন ও অবস্থার মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। এতে পণ্য misdeclaration, শুল্ক-কর ফাঁকি এবং বিচ্ছিন্ন বা কাটা গাড়ির বিভিন্ন অংশ আলাদা চালানে এনে পরে পুনঃসংযোজনের কোনো কৌশল ব্যবহার করা হচ্ছে কি না—এসব বিষয়ে সন্দেহ তৈরি হয়েছে।
বিশেষ করে BMW 740i-এর বাকি অর্ধাংশ কোথায়—এ প্রশ্নকে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট অন্যান্য চালানের তথ্যও যাচাই করা হবে।
চালানটির বিস্তারিত inventory, chassis/VIN ও engine particulars, প্রকৃত মূল্য এবং প্রযোজ্য আমদানি নীতি ও শুল্ক-কর যাচাই করা হচ্ছে। এসব যাচাই শেষে Customs Act, 2023 এবং প্রযোজ্য অন্যান্য বিধিবিধান অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম বন্দরে ‘Used Car Parts’ বা এ ধরনের সাধারণ পণ্যের ঘোষণার আড়ালে গাড়ি কিংবা গাড়ির গুরুত্বপূর্ণ অংশ আমদানির চেষ্টা শনাক্তে নজরদারি আরও জোরদার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
আর/ দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।