চট্টগ্রামের ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নে ছয়জনকে গুলিবিদ্ধ করার ঘটনায় গুলি চালানোর কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রায়হান আলম ওরফে ‘শুটার রায়হান’। আত্মরক্ষার্থে গুলি চালিয়েছেন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি। একই সঙ্গে গুলিবিদ্ধদের মধ্যে কেউ অসহায় থাকলে আর্থিক সহায়তা দেওয়ারও আশ্বাস দিয়েছেন এই পলাতক সন্ত্রাসী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে দেওয়া ওই পোস্টে রায়হান দাবি করেন, তাঁকে আওয়ামীপন্থী মনে করে বিএনপির কয়েকজন নেতা তাঁর গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করেন। তবে তাঁদের সঙ্গে আগে থেকে কোনো বিরোধ ছিল না বলেও দাবি করেন তিনি।
ফেসবুক পোস্টে রায়হান লেখেন, ‘আমিও আমার আত্মরক্ষার জন্য গুলি চালাতে বাধ্য হই। অবশ্যই উনাদের সঙ্গে আমার কোনো ঝামেলা ছিল না। শান্তভাবে যাচ্ছিলাম, রাস্তা আটকাবি কেন?’
গুলিবিদ্ধ ব্যক্তিদের উদ্দেশে তিনি আরও লেখেন, ‘যারা যারা গুলি খেয়েছেন, ভয় পাওয়ার কারণ নেই। আপনাদের সঙ্গে আমার ঝামেলা ওইখানেই শেষ। গুলি খাওয়া ব্যক্তিদের মধ্যে যদি কেউ অসহায়, টাকা-পয়সা সাহায্যে লাগে, আমাকে ইনবক্স করিয়েন।’
এ ছাড়া ভবিষ্যতে কারও গাড়ি আটকানোর আগে ভেতরে কে আছেন, তা জেনে নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। তবে ফেসবুক পোস্টে দেওয়া রায়হানের এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) রাতে ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট বাজারে দুর্বৃত্তদের গুলিতে পথচারী, ব্যবসায়ী ও চালকসহ ছয়জন গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় একটি সিএনজিচালিত অটোরিকশাসহ চালক মো. জাবেদ হোসেনকে আটক করে পুলিশ। তিনি হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের বাসিন্দা।
পুলিশের জিজ্ঞাসাবাদে জাবেদ দাবি করেন, কয়েকজন অপরিচিত ব্যক্তি তাঁর অটোরিকশা ভাড়া নেন। পরে তাঁকে জিম্মি করে গাড়ি চালাতে বাধ্য করা হয়।
এ ঘটনায় শুটার রায়হান ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। রায়হান ওই এলাকায় আত্মগোপনে রয়েছেন বলে পুলিশের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে বলে জানানো হয়েছে।
এরই মধ্যে রায়হানকে ধরতে স্থানীয়দের সহযোগিতা চেয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মোহাম্মদ তারেক আজিজ। তিনি নিজেই সুয়াবিল ইউনিয়নের হযরত সৈয়দ কমর চাঁদ আলী শাহ মাজারের সামনে হ্যান্ডমাইকে এলাকাবাসীর উদ্দেশে বক্তব্য দেন। পাশাপাশি মসজিদের মাইকেও ঘোষণা দিয়ে রায়হানকে শনাক্ত করতে স্থানীয়দের সহায়তা চান। তাঁর মাইকিংয়ের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মাইকিংকালে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, সন্ত্রাসী রায়হানকে আটক করা সম্ভব হলে পুরো চট্টগ্রাম শান্ত হয়ে যাবে। এ সময় তাঁকে শনাক্ত করার সুবিধার্থে রায়হানের শারীরিক গঠন ও চেহারার বর্ণনাও তুলে ধরেন তিনি।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, ঘটনার পরপরই চুঁরখারহাট বাজারসহ সুয়াবিল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুলিশের নিয়ন্ত্রণে আছে। আটক অটোরিকশাচালককে জিজ্ঞাসাবাদ করে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদ রায়হান আলম ওরফে ‘শুটার রায়হান’ চট্টগ্রাম নগর ও জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ পলাতক অপরাধীদের একজন। হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে করা মামলাসহ তাঁর বিরুদ্ধে দেড় ডজনের বেশি মামলা রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে এলাকাভিত্তিক অপরাধচক্রের নেতৃত্ব দিয়ে আসছেন রায়হান। বিদেশে পলাতক সন্ত্রাসী ‘বড় সাজ্জাদ’ এবং বর্তমানে কারাবন্দি শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’-এর ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও তিনি সক্রিয়। তাঁদের অপরাধচক্রের হয়ে হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে নিয়মিত হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
ছয়জনকে গুলিবিদ্ধ করার ঘটনার পর রায়হান ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি চিরুনি অভিযান জোরদার করা হয়েছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।