দক্ষিণ পূর্ব

চট্টগ্রামকে ‘ব্রেস্ট ক্যানসার অ্যাওয়ার সিটি’ করতে সমন্বিত উদ্যোগের আহ্বান মেয়রের

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১ অক্টোবর ২০২৬ ০১:৫৫ দুপুর
পঠিত : ২৯
চট্টগ্রামকে ‘ব্রেস্ট ক্যানসার অ্যাওয়ার সিটি’ করতে সমন্বিত উদ্যোগের আহ্বান মেয়রের

ছবি

স্তন ক্যানসার প্রতিরোধ ও চিকিৎসায় জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সচেতনতা, নিয়মিত পরীক্ষা এবং সময়মতো চিকিৎসার মাধ্যমে স্তন ক্যানসারের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে চিকিৎসায় সুস্থ হওয়ার সম্ভাবনাও বেশি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষের কার্যালয় প্রাঙ্গণ থেকে ‘পিংক অক্টোবর ২০২৬’ উপলক্ষে স্তন ক্যানসার সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

স্তন ক্যানসার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ শনাক্তকরণ ও চিকিৎসার গুরুত্ব তুলে ধরতে চট্টগ্রামে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক), বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান সিএসসিআর এবং স্নাতকোত্তর সার্জিকাল শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান পিজিএস একাডেমিয়ার যৌথ উদ্যোগে অক্টোবরজুড়ে এসব কর্মসূচি পরিচালিত হবে।

শোভাযাত্রার উদ্বোধনকালে মেয়র বলেন, একটি ‘ক্লিন, হেলদি, সেফ অ্যান্ড স্মার্ট’ চট্টগ্রাম গড়ে তোলার প্রত্যয়ের অংশ হিসেবে গত বছর অক্টোবর মাসকে ব্রেস্ট ক্যানসার অ্যাওয়ারনেস মাস হিসেবে পালনের উদ্যোগ নেওয়া হয়েছিল। এর ধারাবাহিকতায় এবারও ‘ব্রেস্ট ক্যানসার অ্যাওয়ারনেস প্রোগ্রাম-২০২৬’ শুরু করা হয়েছে।

তিনি বলেন, গত বছর সিএসসিআর স্তন ক্যানসার বিষয়ে সচেতনতা সৃষ্টি, রোগ নির্ণয় ও চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবারও তারা এগিয়ে এসেছে। পাশাপাশি চট্টগ্রামের অন্যান্য হাসপাতাল ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানকেও এ বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মেয়র বলেন, সামাজিক ও পারিবারিক কারণে অনেক নারী নিজেদের শারীরিক সমস্যার কথা প্রকাশ করতে সংকোচবোধ করেন। এতে অনেক সময় রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত হয় না। রোগ জটিল পর্যায়ে পৌঁছালে চিকিৎসা কঠিন হয়ে পড়ে। তাই ‘আর্লি ডিটেকশন’ বা প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, নারীদের স্বাস্থ্য সুরক্ষায় পরিবার, চিকিৎসক, হাসপাতাল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। চট্টগ্রামকে একটি ‘ব্রেস্ট ক্যানসার অ্যাওয়ার সিটি’ হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই।

পিংক অক্টোবর উপলক্ষে নগরবাসীর প্রতি নিজ নিজ বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে দৃশ্যমান স্থানে গোলাপি আলো জ্বালানোর আহ্বান জানান মেয়র। তিনি বলেন, এই আলো প্রতিটি নারীর সুস্বাস্থ্য এবং স্তন ক্যানসার সচেতনতার প্রতি সংহতির প্রতীক হয়ে উঠবে।

মেয়র বলেন, স্তন ক্যানসার শনাক্ত করতে দেরি হলে চিকিৎসা জটিল হয়ে যেতে পারে এবং মৃত্যুঝুঁকি বাড়তে পারে। তাই কোনো অস্বাভাবিকতা বা উপসর্গ দেখা দিলে সংকোচ না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় পরীক্ষা করানো জরুরি।

তিনি বলেন, স্বাস্থ্যসচেতনতা তৈরিতে চিকিৎসক, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। স্বাস্থ্যসচেতনতার চর্চা প্রতিটি পরিবার থেকেই শুরু করা প্রয়োজন।

শোভাযাত্রায় চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ, সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. অজয় দেব, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন, চট্টগ্রাম মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আনিসুল হোসেন, চট্টগ্রাম বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি, চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সাজেদুর রহমানসহ চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শোভাযাত্রার শেষ প্রান্তে বিআরটিএর একটি দ্বিতল গোলাপি বাস অংশগ্রহণকারীদের দৃষ্টি আকর্ষণ করে। অক্টোবর মাসের প্রতি শনিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বাসের মাধ্যমে নগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ স্তন ক্যানসার স্ক্রিনিং কার্যক্রম পরিচালনা করা হবে।

আয়োজকরা জানান, সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসকদের নেতৃত্বে পরিচালিত এ কার্যক্রমে নগরের বিভিন্ন এলাকার নারীদের স্তন ক্যানসার বিষয়ে সচেতন করার পাশাপাশি প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে সহায়তা করা হবে। পুরো অক্টোবরজুড়ে সচেতনতামূলক কর্মসূচি, স্ক্রিনিং, চিকিৎসা ও রোগ নির্ণয়সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নগরীতে স্তন ক্যানসার বিষয়ে সচেতনতা বাড়ানো হবে।

শোভাযাত্রাটি চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বিষয়ে সচেতনতামূলক বার্তা সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।