চট্টগ্রামের হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণে জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা পরিষদ। নগরীর জেলা পরিষদ ভবনের ১৪ তলায় প্রায় ১০ হাজার বর্গফুট জায়গাজুড়ে এ জাদুঘর প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। এখানে এক ছাদের নিচে তুলে ধরা হবে চট্টগ্রামের প্রাচীন ইতিহাস, ঐতিহাসিক নিদর্শন, মুক্তিযুদ্ধের স্মৃতি, লোকজ সংস্কৃতি ও বিভিন্ন জনগোষ্ঠীর জীবনধারা।
জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম নিয়ে একটি জাদুঘর প্রতিষ্ঠার পরিকল্পনা করা হচ্ছে। জেলা পরিষদ ভবনের ১৪ তলায় ১০ হাজার বর্গফুট জায়গাজুড়ে এটি প্রতিষ্ঠা করা হবে। চট্টগ্রামের দীর্ঘ পথচলার ইতিহাস, পুরোনো ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের নানা উপকরণ এখানে সংরক্ষণ করা হবে। যাতে পরবর্তী প্রজন্ম একটি জায়গা থেকেই চট্টগ্রাম সম্পর্কে জানতে পারে।
তিনি আরও বলেন, কীভাবে জাদুঘরটি প্রতিষ্ঠা করা হবে, সেখানে কী কী বিষয় স্থান পাবে এবং ইতিহাসের উপকরণগুলো কীভাবে সংগ্রহ ও উপস্থাপন করা হবে, তা নির্ধারণে একটি কমিটি গঠন করা হবে। কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
জেলা পরিষদের এ উদ্যোগের লক্ষ্য শুধু পুরোনো নিদর্শন সংরক্ষণ বা প্রদর্শন নয়, বরং চট্টগ্রামের ইতিহাস ও স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয়ের একটি সমৃদ্ধ সংগ্রহশালা গড়ে তোলা। এ জন্য ইতিহাসবিদ, গবেষক, সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ব্যক্তিদের সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।
ইতিহাস-ঐতিহ্যের দিক থেকে চট্টগ্রাম দেশের অন্যতম সমৃদ্ধ জনপদ। সাগর, নদী ও পাহাড়ঘেরা এ অঞ্চলের সঙ্গে জড়িয়ে রয়েছে হাজার বছরের বৈদেশিক বাণিজ্য, নৌযাত্রা, ঔপনিবেশিক শাসন, রাজনৈতিক আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস। কর্ণফুলী নদী ও সমুদ্রবন্দরকে কেন্দ্র করে গড়ে ওঠা চট্টগ্রাম দীর্ঘদিন ধরে দেশের প্রধান বাণিজ্যিক প্রবেশদ্বার হিসেবে পরিচিত। আরাকান, পর্তুগিজ, মোগল ও ব্রিটিশ শাসনের নানা স্মারক, বন্দরকেন্দ্রিক বাণিজ্যের দলিল, প্রাচীন স্থাপত্য, ভাষা-সাহিত্য, লোকসংগীত এবং পাহাড়ি ও সমতলের বিভিন্ন জনগোষ্ঠীর জীবনাচার এ অঞ্চলের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ।
প্রস্তাবিত জাদুঘরে চট্টগ্রামের প্রাচীন মানচিত্র, দুর্লভ আলোকচিত্র, পুরোনো সংবাদপত্র, ঐতিহাসিক দলিল, বন্দর ও নৌবাণিজ্যের স্মারক, মুক্তিযুদ্ধের বিভিন্ন উপকরণ, লোকজ শিল্প, ঐতিহ্যবাহী পোশাক, বাদ্যযন্ত্র, মৃৎশিল্পসহ বিভিন্ন জনগোষ্ঠীর সাংস্কৃতিক নিদর্শন স্থান পেতে পারে। পাশাপাশি চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তি, সাহিত্যিক, শিল্পী, রাজনীতিক, সমাজসংস্কারক ও মুক্তিযোদ্ধাদের জীবন ও অবদানও তুলে ধরার বিষয়টি বিবেচনায় রয়েছে।
জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিকল্পনাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। জাদুঘরটিকে শুধু প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ না রেখে ইতিহাসচর্চা ও গবেষণার কেন্দ্র হিসেবে গড়ে তোলার চিন্তাভাবনা রয়েছে। সেখানে শিক্ষার্থীদের জন্য তথ্যভিত্তিক প্রদর্শনী, পুরোনো দলিল ও আলোকচিত্রের ডিজিটাল সংরক্ষণ এবং প্রবীণদের স্মৃতিচারণের সুযোগ রাখার পরিকল্পনাও রয়েছে। ব্যক্তিগত ও পারিবারিক সংগ্রহে থাকা ঐতিহাসিক উপকরণ প্রদর্শন কিংবা ডিজিটালভাবে সংরক্ষণের সুযোগও তৈরি করা হতে পারে।
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ইতিহাস গবেষকরাও। চট্টগ্রাম ইতিহাসচর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মো. ফখরুদ-দীন বাসসকে বলেন, চট্টগ্রাম প্রাচীন ইতিহাসের সাক্ষী। সভ্যতা বিনির্মাণে আড়াই হাজার বছরের ইতিহাসের সঙ্গে এ অঞ্চলের নিবিড় সম্পৃক্ততা রয়েছে। এখানকার প্রত্নসম্পদ, প্রাচীন স্থাপত্য, পাহাড়, সমুদ্র, নদী-দীঘি ও রাজা-বাদশাহর বহু নিদর্শন হারিয়ে যেতে বসেছে। নৌযোগাযোগ ও সমুদ্রবাণিজ্যে চট্টগ্রাম বন্দরের ইতিহাসও হাজার বছরের বেশি পুরোনো।
তিনি বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলনের সূচনাপর্বে হাবিলদার রজব আলীর সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে মাস্টারদা সূর্যসেন, কাজেম আলী মাস্টার ও মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর মতো নেতাদের স্মৃতিও চট্টগ্রামের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষণার ইতিহাসও চট্টগ্রামের সঙ্গে জড়িয়ে রয়েছে। এসব স্মৃতি সংরক্ষণে জেলা পরিষদের জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ প্রশংসনীয়। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে একটি স্থানেই প্রাচীন ও ঐতিহাসিক চট্টগ্রামের নানা অধ্যায় সবার সামনে উন্মোচিত হবে।
প্রস্তাবিত জাদুঘরটি বাস্তবায়িত হলে চট্টগ্রামের হারিয়ে যেতে বসা ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বন্দরনগরীর অতীত, সংস্কৃতি ও বিবর্তনের ইতিহাস তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হবে।
সূত্র: বাসস
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।