চট্টগ্রামের চার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডকে প্রত্যাহার করে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করেছে সরকার। একই আদেশে দেশের বিভিন্ন উপজেলার মোট ৬৮ জন এসিল্যান্ডকে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে এ আদেশ দেওয়া হয়। আদেশটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
চট্টগ্রাম থেকে প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন—বোয়ালখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, চন্দনাইশ উপজেলার ঝন্টু বিকাশ চাকমা, লোহাগাড়া উপজেলার মং এছেন এবং রাউজান উপজেলার অংছিং মারমা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ন্যস্ত করা হয়েছে।
দেশের আট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রত্যাহার করা কর্মকর্তাদের ন্যস্ত করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম ছাড়াও ঢাকা, বরিশাল, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও রংপুর বিভাগ রয়েছে।
প্রজ্ঞাপনে প্রত্যেক কর্মকর্তার নাম, পরিচিতি নম্বর, বর্তমান কর্মস্থল এবং কোন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে—এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং গভর্নমেন্ট এমপ্লয়িজ ম্যানেজমেন্ট সিস্টেমে হালনাগাদ করার প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে বলা হয়েছে।
আর/ দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।