দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে নকশাবহির্ভূত নির্মাণ: ৪ ভবন ও ৬ দোকান সিলগালা

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬ ০১:৪৮ দুপুর
পঠিত : ৭৮
চট্টগ্রামে নকশাবহির্ভূত নির্মাণ: ৪ ভবন ও ৬ দোকান সিলগালা

ছবি

অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ ও ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। অভিযানে নকশাবহির্ভূত নির্মাণের দায়ে চারটি ভবন ও ছয়টি দোকান সিলগালা করা হয়েছে। এ ছাড়া তিনটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং পাঁচটি ভবনের অবৈধ বর্ধিতাংশ ভেঙে দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) চউকের অথরাইজড-২-এর আওতাধীন নগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত সংক্ষিপ্ত বিচার আদালতের অভিযানে এসব ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন চউকের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীন এবং অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন।

অভিযানকালে নগরীর পাঠানটুলি, বন্দরের মাইজপাড়া, বন্দর কর্তৃপক্ষের এনসিটি গেটসংলগ্ন নয়ারহাট এবং রাজা বাদশা ব্রিকফিল্ড আবাসিক এলাকার মোট ১০টি ভবন পরিদর্শন করা হয়। এ সময় অধিকাংশ ভবনেই অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণ এবং নকশাবহির্ভূত অংশ সম্প্রসারণের প্রমাণ পাওয়া যায়। পরে বিধিমালা লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ভবন ও স্থাপনার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে নিয়মবহির্ভূতভাবে নির্মিত চারটি ভবন ও ছয়টি বাণিজ্যিক দোকান সিলগালা করা হয়। পাশাপাশি তিনটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যাতে ভবনগুলোর নির্মাণকাজ চালিয়ে নেওয়া সম্ভব না হয়। এ ছাড়া পাঁচটি ভবনের নকশাবহির্ভূত বর্ধিতাংশ তাৎক্ষণিকভাবে ভেঙে ফেলা হয়।

অন্যদিকে, ভবনগুলোর অবশিষ্ট নকশাবহির্ভূত অংশ নির্ধারিত সময়ের মধ্যে নিজ দায়িত্বে অপসারণের শর্তে সংশ্লিষ্ট মালিকদের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।

চউক চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, নগরীর সৌন্দর্য রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ ও অপরিকল্পিত ভবন নির্মাণ প্রতিরোধে চউকের নজরদারি অব্যাহত রয়েছে। অনুমোদিত নকশার বাইরে গিয়ে যারা ভবন নির্মাণ করছেন, তাঁদের কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, নগরবাসীর জন্য নিরাপদ আবাসন ও পরিকল্পিত নগর গড়ে তুলতে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের বিরুদ্ধে সংক্ষিপ্ত বিচার আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।