দক্ষিণ পূর্ব

পার্কভিউ হাসপাতালে পেরিপার্টাম ডিআইসি ও মাল্টি-অর্গান ডিসফাংশন নিয়ে বৈজ্ঞানিক সেমিনার

দক্ষিণপূর্ব ডেস্ক
দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬ ০৫:০১ বিকাল
পঠিত : ৪
পার্কভিউ হাসপাতালে পেরিপার্টাম ডিআইসি ও মাল্টি-অর্গান ডিসফাংশন নিয়ে বৈজ্ঞানিক সেমিনার
Degchibarictg



চট্টগ্রামে জটিল প্রসূতি রোগীর জীবন রক্ষায় দ্রুত রোগ নির্ণয়, সময়োপযোগী সিদ্ধান্ত এবং বিভিন্ন বিভাগের চিকিৎসকদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। তাঁরা বলেছেন, প্রসবকালীন ও প্রসব-পরবর্তী সময়ে পেরিপার্টাম ডিআইসি (Peripartum DIC) এবং মাল্টি-অর্গান ডিসফাংশনের মতো জীবনসংকটাপন্ন পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত চিকিৎসাব্যবস্থার বিকল্প নেই।


শনিবার (৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের পার্কভিউ হসপিটাল লিমিটেডের ১২ তলার সম্মেলনকক্ষে আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে এসব কথা বলেন বিশেষজ্ঞরা। ‘Peripartum DIC with Multi Organ Dysfunction Following LSCS – The Miraculous Recovery – A Case Report’ শীর্ষক সেমিনারে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের গাইনি, প্রসূতি, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, হেমাটোলজি ও ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা অংশ নেন।


সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পার্কভিউ হসপিটাল লিমিটেডের গাইনি ও অবস্টেট্রিকস বিভাগের কনসালট্যান্ট ডা. জাহানারা বেগম শিখা। তিনি অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের (এলএসসিএস) পর পেরিপার্টাম ডিআইসি ও মাল্টি-অর্গান ডিসফাংশনে আক্রান্ত এক জটিল প্রসূতি রোগীর চিকিৎসা এবং সংকটাপন্ন অবস্থা থেকে সুস্থ হয়ে ওঠার অভিজ্ঞতা তুলে ধরেন। এ ধরনের রোগীর ক্ষেত্রে দ্রুত রোগ শনাক্তকরণ ও সমন্বিত চিকিৎসার বিভিন্ন দিকও ব্যাখ্যা করেন তিনি।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান। সভাপতিত্ব করেন পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ. টি. এম. রেজাউল করিম। সেমিনার সঞ্চালনা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের নেফ্রোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. মারিনা আরজুমান্দ।


সেমিনারে বিশেষজ্ঞ প্যানেলে ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি ও অবস্টেট্রিকস বিভাগের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহেনা আক্তার, অধ্যাপক ডা. শোয়েলা শাহনাজ, সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শর্মিলা বড়ুয়া চৌধুরী, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের গাইনি ও ল্যাপারোস্কোপিক সার্জন অধ্যাপক ডা. আফরোজা চৌধুরী এবং চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের গাইনি ও অবস্টেট্রিকস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মুসলিনা আক্তার।


এ ছাড়া বিশেষজ্ঞ প্যানেলে ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. শাইফুল আজম সাজ্জাদ, পার্কভিউ হাসপাতালের হেমাটোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. জামাল উদ্দিন তানিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. তানজিলা তাবিব চৌধুরী এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. আশরাফুল হক।


আলোচনায় বিশেষজ্ঞরা বলেন, পেরিপার্টাম ডিআইসি একটি জটিল ও জীবনসংকটাপন্ন চিকিৎসাগত অবস্থা। প্রসবকালীন বা প্রসব-পরবর্তী সময়ে এ সমস্যা দেখা দিতে পারে। এর সঙ্গে একাধিক অঙ্গের কার্যকারিতা ব্যাহত হলে রোগীর চিকিৎসা আরও জটিল হয়ে ওঠে। এ ক্ষেত্রে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া নিয়ন্ত্রণ, প্রয়োজনীয় রক্ত ও রক্তের উপাদান সরবরাহ এবং বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


একটি বাস্তব চিকিৎসা অভিজ্ঞতা বা কেস রিপোর্টকে কেন্দ্র করে আয়োজিত এ সেমিনারে জটিল প্রসূতি রোগীর চিকিৎসা ব্যবস্থাপনা, সংকট মোকাবিলায় সময়োপযোগী সিদ্ধান্ত এবং আধুনিক চিকিৎসাপদ্ধতির প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, এ ধরনের বৈজ্ঞানিক আলোচনা চিকিৎসকদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে। পাশাপাশি রোগীদের জন্য উন্নত ও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতেও সহায়ক হয়।


সভাপতির বক্তব্যে ডা. এ. টি. এম. রেজাউল করিম বলেন, চিকিৎসাসেবার মানোন্নয়নে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের জ্ঞান, প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বিত প্রচেষ্টার বিকল্প নেই। বিশেষ করে মা ও নবজাতকের জীবন রক্ষায় জটিল প্রসূতি পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং আন্তবিভাগীয় সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের বৈজ্ঞানিক সেমিনার চিকিৎসকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে, যা ভবিষ্যতে রোগীদের আরও উন্নত ও নিরাপদ চিকিৎসাসেবা দিতে সহায়ক হবে। চট্টগ্রামের মানুষের জন্য আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে পার্কভিউ হাসপাতালের প্রচেষ্টা অব্যাহত থাকবে।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ রেজাউল করিম, সহযোগী অধ্যাপক ডা. রফিকুল হাসান, সহকারী অধ্যাপক ডা. তফিকুর নাহার মোনা, ডা. মো. আশেক এলাহী, কনসালট্যান্ট ডা. সাইমা আলমসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।


পার্কভিউ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চিকিৎসকদের মধ্যে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং জটিল রোগ ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। কর্মসূচির সার্বিক পরিকল্পনা, ব্যবস্থাপনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হাসপাতালের মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজার জাহেদুল ইসলাম ও তাঁর নেতৃত্বাধীন মার্কেটিং টিম।


উল্লেখ্য, পার্কভিউ হসপিটাল লিমিটেড কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি ISO 15189 অ্যাক্রেডিটেশন সনদপ্রাপ্ত চট্টগ্রামের প্রথম ল্যাব-সুবিধাসম্পন্ন হাসপাতাল। আধুনিক চিকিৎসাপ্রযুক্তি, অভিজ্ঞ চিকিৎসক ও সমন্বিত স্বাস্থ্যসেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি মানসম্মত চিকিৎসাসেবা দিয়ে আসছে।


মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।