দক্ষিণ পূর্ব

যে ৭ অভ্যাসে বাড়তে পারে অ্যাসিডিটি, এড়িয়ে চলুন যেসব ভুল

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬ ০৬:১১ সকাল
পঠিত : ৮৬
যে ৭ অভ্যাসে বাড়তে পারে অ্যাসিডিটি, এড়িয়ে চলুন যেসব ভুল


অ্যাসিডিটি বা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যায় ভোগেন অনেকেই। পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালীতে ফিরে এলে বুকে জ্বালাপোড়া, মুখে টক স্বাদ এবং খাওয়ার পর অস্বস্তি দেখা দিতে পারে। দৈনন্দিন জীবনের কিছু অনিয়ম ও খাদ্যাভ্যাস এই সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে।


বিশেষ করে খাবারের পরিমাণ, অতিরিক্ত মসলাযুক্ত খাবার এবং ঘুমানোর সময়ের মতো বিষয়গুলো অ্যাসিডিটির ওপর প্রভাব ফেলে। তাই সমস্যা নিয়ন্ত্রণে রাখতে কিছু অভ্যাস এড়িয়ে চলা জরুরি।


১. দীর্ঘ বিরতির পর একসঙ্গে বেশি খাবার খাওয়া

অনেকেই দিনের বেলা খাবার বাদ দিয়ে পরে একসঙ্গে বেশি খাবার খান। এতে পাকস্থলী প্রসারিত হয় এবং অ্যাসিডিটি বাড়ার ঝুঁকি তৈরি হতে পারে। এ সমস্যা এড়াতে নিয়মিত ও পরিমিত খাবার খেতে হবে। ধীরে ধীরে খাবার চিবিয়ে খাওয়া এবং পেট পুরোপুরি ভরে যাওয়ার আগেই খাওয়া বন্ধ করা ভালো।


২. অতিরিক্ত ভাজাপোড়া ও চর্বিযুক্ত খাবার খাওয়া

সমুচা, পাকোড়া, পুরি, ঘন ঝোলের খাবার ও ডুবো তেলে ভাজা খাবার অনেকেরই পছন্দের। তবে উচ্চ চর্বিযুক্ত খাবার পাকস্থলী খালি হওয়ার প্রক্রিয়াকে ধীর করতে পারে। ফলে কারও কারও অ্যাসিডিটির সমস্যা বেড়ে যায়। এ ধরনের খাবার কমিয়ে গ্রিল করা, ভাপানো বা হালকা রান্না করা খাবার বেছে নেওয়া ভালো।


৩. অতিরিক্ত মসলাদার খাবার খাওয়া

মসলাদার কারি, চাটনি এবং অতিরিক্ত মরিচযুক্ত খাবার অনেকের বুকে জ্বালাপোড়ার কারণ হতে পারে। তবে মসলা সবার শরীরে একই ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে না। ঝাল খাবার খাওয়ার পর সমস্যা হলে মরিচ ও কড়া মসলার পরিমাণ কমিয়ে নিজের জন্য উপযোগী খাদ্যাভ্যাস তৈরি করা উচিত।


৪. অতিরিক্ত মিষ্টি ও চকোলেট খাওয়া

মিষ্টি, কেক, চকোলেট ও ভারী ডেজার্ট বেশি খেলে অনেকের অস্বস্তি হতে পারে। বিশেষ করে ভারী খাবারের পরপরই এসব খাবার খেলে সমস্যা বাড়তে পারে। তাই একসঙ্গে বেশি মিষ্টি না খেয়ে পরিমিত পরিমাণে খাওয়া এবং খাওয়ার পরপরই শুয়ে পড়া এড়িয়ে চলা উচিত।


৫. অতিরিক্ত চা, কফি ও কোমল পানীয় পান করা

চা, কফি এবং কার্বোনেটেড বা গ্যাসযুক্ত পানীয় অনেকের অ্যাসিডিটির লক্ষণ বাড়িয়ে দিতে পারে। এসব পানীয়ের কারণে ঢেকুর ও পেটের অস্বস্তিও হতে পারে। বিশেষ করে খালি পেটে অতিরিক্ত ক্যাফেইন গ্রহণে কারও কারও সমস্যা বাড়ে। তাই নিয়মিত পানি পান করার পাশাপাশি চা-কফি ও কোমল পানীয় পরিমিত গ্রহণ করা ভালো।


৬. গভীর রাতে খেয়েই ঘুমাতে যাওয়া

রাতে ভারী খাবার খাওয়ার পরপরই শুয়ে পড়লে পাকস্থলীর অ্যাসিড বা খাবার খাদ্যনালীতে ফিরে আসার আশঙ্কা বাড়ে। এ সমস্যা এড়াতে ঘুমানোর অন্তত তিন ঘণ্টা আগে রাতের খাবার শেষ করা উচিত। খাবারের পর কিছুক্ষণ সোজা হয়ে বসে থাকা বা হালকা হাঁটাহাঁটি করা যেতে পারে। রাতে নিয়মিত রিফ্লাক্সের সমস্যা হলে বিছানার মাথার দিক কিছুটা উঁচু করে রাখা উপকারী হতে পারে।


৭. কারণ না জেনে শুধু ঘরোয়া প্রতিকারের ওপর নির্ভর করা

অ্যাসিডিটি কমাতে অনেকেই লেবু পানি, ভিনেগার কিংবা পুদিনা পাতার পানীয় পান করেন। কিন্তু এসব পদ্ধতি সবার ক্ষেত্রে কার্যকর নয়। বরং লেবুর রস ও ভিনেগারের অম্লীয় উপাদান এবং পুদিনা কিছু মানুষের অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা বাড়িয়ে দিতে পারে।

তাই ঘন ঘন অ্যাসিডিটির সমস্যা হলে নিজে নিজে বিভিন্ন ঘরোয়া পদ্ধতি বা ওষুধ ব্যবহার না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

অ্যাসিডিটির সমস্যা নিয়ন্ত্রণে নিয়মিত ও পরিমিত খাবার খাওয়া, ব্যক্তিগতভাবে সমস্যা বাড়ায় এমন খাবার শনাক্ত করা এবং ঘুমানোর আগে পর্যাপ্ত সময় রাখা গুরুত্বপূর্ণ। ঘন ঘন বা তীব্র উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।