হৃদ্রোগ চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতাল লিমিটেডে চালু হয়েছে AVVIGO™+ HD IVUS (Intravascular Ultrasound) ও FFR (Fractional Flow Reserve) প্রযুক্তি। বিশ্বখ্যাত চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান বোস্টন সায়েন্টিফিকের এই প্রযুক্তি চট্টগ্রামে প্রথম এবং বাংলাদেশে দ্বিতীয়বারের মতো সংযোজন করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গত শনিবার (৭ নভেম্বর) হাসপাতালের ক্যাথল্যাবে নতুন এ প্রযুক্তির উদ্বোধন করেন পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদ্রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও পার্কভিউ হাসপাতালের হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. আ.ই.ন.ম. জাহাঙ্গীর সেলিম, সহকারী অধ্যাপক ডা. ইকবাল মাহমুদ, কনসালট্যান্ট ডা. মো. শওকত হোসেন এবং হাসপাতালের কমপ্লায়েন্স ডিরেক্টর সালাউদ্দিন এম এ এইচ চৌধুরী। এ ছাড়া হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নতুন এ প্রযুক্তির মাধ্যমে হৃদ্যন্ত্রের রক্তনালির ভেতরের অবস্থা আরও বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করা যাবে। একই সঙ্গে রক্তনালিতে ব্লকের অবস্থান, ধরন ও সংকোচনের মাত্রা নির্ণয় এবং স্টেন্ট বা রিং স্থাপনের প্রয়োজনীয়তা মূল্যায়নে চিকিৎসকেরা আরও নির্ভুল সিদ্ধান্ত নিতে পারবেন।
IVUS প্রযুক্তির মাধ্যমে করোনারি ধমনির ভেতরের গঠন ও রক্তনালির দেয়াল সরাসরি পর্যবেক্ষণ করা যায়। বিশেষ করে এনজিওপ্লাস্টির সময় স্টেন্টের অবস্থান, প্রসারণ এবং রক্তনালির দেয়ালের সঙ্গে এর যথাযথ সংযুক্তি মূল্যায়নে এ প্রযুক্তি সহায়তা করে।
অন্যদিকে, FFR প্রযুক্তির মাধ্যমে রক্তনালির কোনো ব্লক রক্তপ্রবাহে কতটা বাধা সৃষ্টি করছে, তা নির্ণয় করা যায়। ফলে রোগীর স্টেন্ট স্থাপনের প্রয়োজন আছে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে চিকিৎসকেরা বাড়তি তথ্য পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ডা. এ টি এম রেজাউল করিম বলেন, রোগীদের আধুনিক ও আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করা পার্কভিউ হাসপাতালের অন্যতম লক্ষ্য। চট্টগ্রামে প্রথম এবং বাংলাদেশে দ্বিতীয় হিসেবে এ প্রযুক্তি সংযোজন হাসপাতালের জন্য গর্বের বিষয়। এর মাধ্যমে হৃদ্রোগ চিকিৎসায় হাসপাতালের সক্ষমতা আরও বাড়বে। দেশের মানুষ যেন উন্নত চিকিৎসার জন্য বিদেশে না গিয়ে দেশেই প্রয়োজনীয় সেবা পান, সে লক্ষ্যেই কাজ করছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. আ.ই.ন.ম. জাহাঙ্গীর সেলিম বলেন, IVUS প্রযুক্তির মাধ্যমে জটিল হৃদ্রোগের চিকিৎসায় রক্তনালির অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এতে চিকিৎসকদের সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজির চিকিৎসা আরও নির্ভুল করা সম্ভব হবে।
সহকারী অধ্যাপক ডা. ইকবাল মাহমুদ বলেন, IVUS ও FFR প্রযুক্তির সমন্বিত ব্যবহারে করোনারি ধমনির ব্লকের গঠনগত ও কার্যকরী অবস্থা মূল্যায়ন করা যাবে। এর মাধ্যমে স্টেন্ট স্থাপনের সিদ্ধান্ত, জটিল এনজিওপ্লাস্টির পরিকল্পনা এবং স্টেন্টের যথাযথ অবস্থান নিশ্চিত করা আরও বিজ্ঞানসম্মত হবে।
তিনি জানান, পার্কভিউ হাসপাতালের ক্যাথল্যাবে IVUS প্রযুক্তির সহায়তায় ইতিমধ্যে Left Main Coronary Artery Disease এবং LCX Bifurcation Lesion-এর মতো জটিল করোনারি ইন্টারভেনশন সম্পন্ন হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, এ প্রযুক্তি সংযোজনের ফলে চট্টগ্রাম অঞ্চলে আধুনিক হৃদ্রোগ চিকিৎসার সুযোগ আরও সম্প্রসারিত হবে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।