চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, বাড়ি টির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। ওই এলাকায় পুলিশের নিয়মিত টহল চলাকালে সদস্যরা আগুন দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে নিজেরাই আগুন নিভিয়ে ফেলেন।
তিনি আরও জানান, ভবনটির নিচতলায় কেউ বসবাস করেন না। সেটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তবে দ্বিতীয় ও তৃতীয় তলায় অধ্যাপক ইউনূসের দুই ভাইয়ের পরিবার বসবাস করে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় বাড়িটির আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অধ্যাপক ইউনূসের মূল পৈতৃক বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে। তাঁর বাবা ব্যবসার সূত্রে নগরের পাঁচলাইশ এলাকায় এ বাড়ি নির্মাণ করেন। অধ্যাপক ইউনূসের শৈশব ও কৈশোরের একটি বড় সময় কেটেছে এই বাড়িতে।
এদিকে, সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের আনোয়ারা ও সাতকানিয়াসহ দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের একাধিক কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে এবার অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটল।
গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগের বিষয়টি সম্প্রতি জাতিসংঘের ব্রিফিংয়েও উঠে আসে। গত সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক বলেন, বাংলাদেশে সংঘটিত সব ধরনের সহিংসতার ঘটনা জাতীয় কর্তৃপক্ষের পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত। একই সঙ্গে বিক্ষোভের অধিকার শান্তিপূর্ণভাবে চর্চার ওপরও গুরুত্ব দেন তিনি।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।